২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ছন্দময় ফুটবলের প্রতিশ্রুতি ডাচ কোচ শাভির

নেদারল্যান্ডসের নতুন কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, সবসময় ম্যাচ জয়ই থাকবে তাদের মূল লক্ষ্য।

ছন্দময় ফুটবলের প্রতিশ্রুতি ডাচ কোচ শাভির

শাভি এর্নান্দেস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 07:47 PM

Updated : 21 Sep 2026, 07:47 PM

উয়েফা নেশন্স লিগের আসন্ন ম্যাচগুলোতে খেলোয়াড়দের কাছে অনেক বেশি তীব্রতা আশা করছেন শাভি এর্নান্দেস। নেদারল্যান্ডসের নতুন কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, সবসময় ম্যাচ জয়ই থাকবে তাদের মূল লক্ষ্য। তার দল দারুণ উদ্দীপনা নিয়ে ছন্দময় ফুটবল খেলবে, সেই প্রতিশ্রুতিও দিলেন বার্সেলোনা ও স্পেনের এই কিংবদন্তি।

স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডারের কোচিংয়ে ডাচরা প্রথম ম্যাচটি খেলবে আগামী বৃহস্পতিবার, আমস্টারডামে জার্মানির বিপক্ষে। বর্ধিত আন্তর্জাতিক বিরতিতে এরপর সার্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচ এবং গ্রিস সফরের চ্যালেঞ্জ রয়েছে তাদের সামনে।

ম্যাচগুলোর জন্য গত শুক্রবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন শাভি। সোমবার প্রথমবারের মতো তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

“আমার এবং আমার কোচিং স্টাফের জন্য সবকিছুই নতুন। তাই প্রথমে একে অপরকে জানা, সব খেলোয়াড়কে বোঝা এবং আমাদের খেলার ধরন সম্পর্কে তাদের বোঝানো বা উদ্বুদ্ধ করার ওপর জোর দেওয়া হবে। আমাদের হাতে খুব বেশি সময় নেই। তবে কোনো অজুহাত চলবে না, কারণ সব কোচই একই পরিস্থিতির মধ্য দিয়ে যান।

“আমি সেই মূল্যবোধগুলোর কথা ব্যাখ্যা করতে চাই, যা আমরা দলের কাছ থেকে চাই। তাদের দেখাতে চাই যে, তাদের জন্য আমি সবসময় প্রস্তুত এবং তাদের সহায়তা করতে চাই। তাদের সঙ্গে এই পুরো প্রক্রিয়াটি আমি উপভোগ করতে চাই। আমরা একটি পরিবার ও একটি শক্তিশালী দল গড়ে তুলতে চাই। খেলোয়াড়রা যেন আনন্দের সঙ্গে জাতীয় দলে আসে—সেটা যেমন জরুরি, তেমনি দিনশেষে জয়ই আমাদের মূল লক্ষ্য।”

ডাচদের ২০২৬ বিশ্বকাপ অভিযান ছিল হতাশাজনক। মরক্কোর কাছে হেরে শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর পদত্যাগ করেন তখনকার কোচ রোনাল্ড কুমান। অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলের কারণে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন।

এখন অতীত নিয়ে কথা বলতে চান না শাভি। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিতে চান তিনি।

“(ভালো) ফলের নিশ্চয়তা দেওয়া যায় না, তবে আমরা সেই লক্ষ্যেই কাজ করব। আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, আমরা দারুণ উদ্দীপনা নিয়ে ছন্দময় ফুটবল খেলব, আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার চেষ্টা করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

“খেলার ধরনে পরিবর্তন আসবে। আমি কোনো তুলনা করতে চাই না বা অতীত নিয়ে কথা বলতে চাই না। রোনাল্ডের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। তবে আমি বর্তমান নিয়েই মনোযোগী।”