মৌসুমের বাকিটায় ইউনাইটেডের ফন বিক খেলবেন ফ্রাঙ্কফুর্টে
২০২৩-২৪ মৌসুমের বাকি অংশে জার্মান ক্লাবটিতে ধারে খেলবেন নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার।
এভারটনের পর এবারও অন্য আরেকটি ক্লাবে ধারে খেলতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ডনি ফন ডি বিক। ২০২৩-২৪ মৌসুমের বাকি অংশের জন্য নেদারল্যান্ডসের এই খেলোয়াড়কে দলে নিয়েছে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
ফন বিকের ধারে ফ্রাঙ্কফুর্টে যাওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
২০২০ সালে আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ফন বিক। কিন্তু ক্লাবটির একাদশে কখনোই নিয়মিত হতে পারেননি ২৬ বছর বয়সী এই ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলটির হয়ে ৬২ ম্যাচ খেলেছেন তিনি।
২০২১-২২ মৌসুমের শেষের কয়েক মাস এভারটনে ধারে খেলেন ফন বিক। সেখান থেকে ফেরার পর ইউনাইটেডের হয়ে স্রেফ দুটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি।
লিগামেন্টের চোটে পড়ে ২০২৩ সালের প্রথমভাগ শেষ হয়ে যায় ফন বিকের। সেরে উঠে এবারের লিগে কেবল একটি ম্যাচই খেলেছেন তিনি, সেটাও শেষ দিকে বদলি হিসেবে।
