১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

ফেলিক্সের গোলে জয়ে শুরু পর্তুগালের

একচেটিয়া চাপ ধরে রেখে গোলের অনেক সুযোগ তৈরি করলেও ব্যবধান বড় করতে পারেনি জর্জে জেসুসের দল।

ফেলিক্সের গোলে জয়ে শুরু পর্তুগালের

ফেলিক্সের দূরপাল্লার শটে এগিয়ে যাওয়ার পর পর্তুগালের উল্লাস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 02:43 AM

Updated : 25 Sep 2026, 03:43 AM

একাধিক নিশ্চিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে জোয়াও ফেলিক্সের নৈপুণ্যে ওয়েলসকে হারাল পর্তুগাল।

লিসবনে বৃহস্পতিবার ১-০ গোলে জিতে উয়েফা নেশন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে জর্জে জেসুসের দল।

‘এ’ লিগের চার নম্বর গ্রুপের ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২৩ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে পর্তুগাল। ওয়েলসের পাঁচ শটের একটিই লক্ষ্যে ছিল।

ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পান রোনালদো। ফেলিক্সের থ্রু পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শট নেন তিনি, কিন্তু তা লক্ষ্যে ছিল না। কিছুক্ষণ পর আবার সুযোগ আসে পর্তুগাল অধিনায়কের সামনে, এবার তার শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বাইরে যায়।

২২তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় পর্তুগাল। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে নিচু শট নেন আল নাস্‌র ফরোয়ার্ড ফেলিক্স, বল প্রতিপক্ষের একজনের পা ছুঁয়ে জালে জড়ায়।

জাতীয় দলের হয়ে ফেলিক্সের গোল হলো ১৩টি, ৫৮ ম্যাচে।

৪০তম মিনিটে ফেলিক্সের আরেকটি পাস ডি-বক্সে দারুণ পজিশনে পান রোনালদো। কিন্তু যথেষ্ট জোরে শট নিতে পারেননি তিনি। ঝাঁপিয়ে বল ধরতে তেমন বেগ পেতে হয়নি গোলরক্ষককে।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে অবিশ্বাস্য একটি মিস করেন রোনালদো! ডান দিক থেকে রুবেন নেভ্স ছয় গজ বক্সের মুখে অধিনায়কের উদ্দেশ্যে দারুণ এক ক্রস বাড়ান, গোলরক্ষক বেশ খানিকটা সরে থাকায় রোনালদোর সামনে তখন ফাঁকা জাল। পা একটু ওপরে তুলে টোকা দেওয়ার চেষ্টায় বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৪৬টি গোলের রেকর্ডধারী রোনালদো এমন সুযোগ নষ্ট করে যেন বিশ্বাসই করতে পারছিলেন না।

কিছুক্ষণ পর ব্রুনো ফের্নান্দসের থ্রু পাস ডি-বক্সে পেয়ে দারুণ শটে বল জালে পাঠান রোনালদো; তবে তিনি অফসাইডে থাকায় ভিএআরে গোল মেলেনি।

৬৬তম মিনিটে রোনালদোর আরেকটি দুর্বল শট অনায়াসে আটকান গোলরক্ষক, এবং এরপরই ৪১ বছর বয়সি ফরোয়ার্ডকে তুলে নেন কোচ।

পর্তুগিজদের একচেটিয়া আক্রমণের মাঝে প্রথম ৭৩ মিনিটে গোলের জন্য একটিমাত্র শট নিতে পারে ওয়েলস, সেটাও ছিল লক্ষ্যভ্রষ্ট। তারাই ৭৪তম মিনিটে গোল পেতে পারতো; তবে ব্রেনান জনসনের শট ক্রসবারে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা।

বাকি সময়ে আরও চারটি শট নেয় ওয়েলস; কিন্তু একবারও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি তারা।

শেষের গোলে জার্মানির বিপক্ষে হার এড়াল ডাচরা

হলান্ডের জোড়া গোলে নরওয়ের দারুণ জয়