Published : 30 Jan 2023, 05:31 PM
কাতার বিশ্বকাপে দলকে শেষ ষোলোয় নিয়ে যাওয়া গ্রাহাম আর্নল্ডের মেয়াদ বাড়িয়েছে অস্ট্রেলিয়া। ২০২৬ আসর পর্যন্ত প্রধান কোচ হিসেবে থাকছেন দেশটির সাবেক এই ফুটবলার।
ফুটবল অস্ট্রেলিয়া সোমবার এক বিজ্ঞপ্তিতে আরও চার বছরের জন্য আর্নল্ডের সঙ্গে চুক্তি করার কথা জানায়।
২০০৬ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়ার প্রধান কোচ ছিলেন তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর তাকে সেই পদে ফেরানো হয়।
তার কোচিংয়ে গত বছর কাতার বিশ্বকাপে দারুণ ফুটবল উপহার দেয় অস্ট্রেলিয়া। শুরুটা অবশ্য ভালো ছিল না, ফ্রান্সের বিপক্ষে হারে ১-৪ ব্যবধানে। পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। তিউনিসিয়ার পর হারিয়ে দেয় শক্তিতে অনেক এগিয়ে থাকা ডেনমার্ককে। তাদের দুটি জয়ই ছিল ১-০ গোলের।
২০০৬ সালের পর প্রথমবার শেষ ষোলোয় জায়গা করে নেয় অস্ট্রেলিয়া। নক আউট পর্বের চ্যালেঞ্জ উতরাতে পারেনি তারা। দারুণ লড়াইয়ের পর হেরে যায় আর্জেন্টিনার বিপক্ষে, যারা পরে জেতে শিরোপা।
আর্নল্ডের কোচিংয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে দারুণ এক কীর্তিও গড়ে অস্ট্রেলিয়া। বাছাইপর্বে টানা ১১টি ম্যাচ জেতে দলটি, বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে যা রেকর্ড।
অস্ট্রেলিয়ার কোচ হিসেবে ৫১ ম্যাচের মধ্যে ৩০টি জিতেছেন আর্নল্ড।