Published : 22 Aug 2023, 09:53 PM
রিয়াদ মাহরেজ দল ছাড়ার পর নতুন উইঙ্গারের খোঁজে ছিল ম্যানচেস্টার সিটি। সেই শূন্যতা পূরণে বেলজিয়ামের জেরেমি ডোকুকে কিনতে যাচ্ছে ইংলিশ ক্লাবটি।
বিবিসির খবর, ডোকুর বর্তমান ক্লাব রেনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে সিটি। ২১ বছর বয়সী এই উইঙ্গারের জন্য প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের গুনতে হতে পারে ৫ কোটি ৫৪ লাখ পাউন্ড।
মেডিকেলের জন্য মঙ্গলবার ম্যানচেস্টারে যাওয়ার কথা ডোকুর।
লিগ ওয়ানের ক্লাব রেনের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন ডোকু। গোল করেছেন ১২টি।
খবরটি সত্যি হলে, এবারের দলবদলে ডোকু হবেন সিটির তৃতীয় বড় চুক্তি। এর আগে আড়াই কোটি পাউন্ডে ক্রোয়াট মিডফিল্ডার মাতেও কোভাচিচ ও সাত কোটি ৭০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ক্রোয়াট ডিফেন্ডার ইয়োসকো ভার্দিওলকে দলে টানে তারা।