১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে নেই অবামেয়াং, আছেন বিশ্বকাপ জয়ী ফের্নান্দেস

দলে আছেন জানুয়ারিতে ক্লাবে যোগ দেওয়া দুই ফরোয়ার্ড মিখাইলো মুদ্রিক ও জোয়াও ফেলিক্স।

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে নেই অবামেয়াং, আছেন বিশ্বকাপ জয়ী ফের্নান্দেস

পিয়েরে-এমেরিক অবামেয়াং (বামে) ও এনসো ফের্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 03:30 PM

Updated : 04 Feb 2023, 03:42 PM

ইউরোপ সেরার মঞ্চে এই মৌসুমে আর দেখা যাবে না পিয়েরে-এমেরিক অবামেয়াংকে। চ্যাম্পিয়ন্স লিগের জন্য চেলসির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এই ফরোয়ার্ডের নাম। তবে দলে জায়গা পেয়েছেন সদ্য যোগ দেওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের লড়াইকে সামনে রেখে গত শুক্রবার ২৫ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছেন চেলসি কোচ গ্রাহাম পটার।

জানুয়ারির দলবদলের শেষ দিন ১২ কোটি ১০ লাখ ইউরোয় বেনফিকা থেকে ফের্নান্দেসকে দলে টানে চেলসি। বিশ্বকাপ জয়ী এই ফুটবলার ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে আছেন জানুয়ারিতেই যোগ দেওয়া দুই ফরোয়ার্ড ফরোয়ার্ড মিখাইলো মুদ্রিক ও জোয়াও ফেলিক্স।

শেষ ষোলোর প্রথম লেগে আগামী ১৫ ফেব্রুয়ারি বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে চেলসি। গ্রুপ পর্ব থেকে নকআউট পর্বের জন্য কেবল তিনজন নতুন খেলোয়াড় নিবন্ধনের অনুমতি ছিল চেলসির।

গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দেন অবামেয়াং। তবে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি সাবেক আর্সেনাল ফুটবলার। প্রিমিয়ার লিগে ১১টি ম্যাচে মাত্র একটি গোল করেছেন তিনি।

ইংল্যান্ডের শীর্ষ লিগে অবামেয়াং সবশেষ শুরুর একাদশে ছিলেন গত নভেম্বরে। জানুয়ারির শুরুতে লিগে ম্যানচেস্টার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে চেলসির হারের ম্যাচে বদলি হিসেবে নামানো হয়েছিল তাকে।

স্কোয়াডে জায়গা হয়নি জানুয়ারির দলবদলে মোনাকো থেকে সাড়ে তিন কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে স্ট্যামফোর্ড ব্রিজে আসা ডিফেন্ডার বেনোয়া বাদিয়াশিলার।

গ্রুপ পর্বে সবগুলো ক্লাব ২৫ জন ফুটবলার নিবন্ধন করেছিল, তবে চেলসি খেলেছিল ২৪ জন খেলোয়াড় নিয়ে। এর মধ্যে জানুয়ারিতে চেলসি ছেড়ে আর্সেনালে যোগ দিয়েছেন মিডফিল্ডার জর্জিনিয়ো।