Published : 20 Jul 2026, 04:51 AM
বিশ্বকাপ জুড়ে স্পেনের পোস্টে আস্থা হয়ে ছিলেন উনাই সিমন। এবার সেটির দারুণ এক স্বীকৃতিও পেয়ে গেলেন তিনি। আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতলেন চ্যাম্পিয়ন দলের এই খেলোয়াড়।
১৯৯৪ বিশ্বকাপ থেকে দেওয়া হয় সেরা গোলরক্ষকের স্বীকৃতি। ২০০৬ সাল পর্যন্ত এটির নাম ছিল ইয়াশিন অ্যাওয়ার্ড। ২০১০ সাল থেকে পরিবর্তন করে রাখা হয় গোল্ডেন গ্লাভ।
স্পেনের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে এই পুরস্কার পেলেন সিমন, ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর পেয়েছিলেন ইকের কাসিয়াস।
১৬ বছরের খরা কাটিয়ে এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতল স্পেন। ফাইনালে রোববার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় লুইস দে লা ফুয়েন্তের দল।
শিরোপা লড়াইয়ে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি সিমনকে। গোলের জন্য কেবল দুটি শট নিতে পারে আর্জেন্টিনা, একটিও ছিল না লক্ষ্যে।
গত মৌসুমে আর্সেনালের প্রিমিয়ার লিগ জয়ী গোলরক্ষক দাভিদ রায়ার পরিবর্তে সিমনকে বিশ্বকাপে দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে বেছে নেন স্পেন কোচ।
গোটা আসরে পোস্টে একরকম চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন সিমন। আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করেন তিনি, কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে।
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বল রদ্রির