২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত কুন্দে

কাতার বিশ্বকাপে ফ্রান্সের প্রয়োজন যে কোনো উপায়ে মেটাতে প্রস্তুত ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 08:58 PM

Updated : 07 Nov 2022, 09:20 PM

জুল কুন্দে মূলত সেন্ট্রাল ডিফেন্ডার। কিন্তু রাফায়েল ভারানের চোটে তাকে খেলতে হতে পারে রাইট-ব্যাক পজিশনে। ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার উন্মুখ হয়ে আছেন বিশ্বকাপের সুবিশাল আঙিনায় প্রথমবারের মতো খেলতে। ফ্রান্সের প্রয়োজনে তাই যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। 

কাতার বিশ্বকাপের জন্য ৯ নভেম্বর দল ঘোষণা করতে পারেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। কুন্দের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা বলতে গেলে নেই। তাছাড়া ভারানের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় কুন্দের শুরুর একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা বেড়েছে আরও। 

এ বছরের মাঝামাঝি সেভিয়া থেকে কুন্দেকে দলে টানে বার্সেলোনা। তরুণ এই সেন্টার-ব্যাককে নিয়ে মুগ্ধতার কথা তখনই জানিয়েছিলেন কাতালুনিয়ার দলটির কোচ শাভি এরনান্দেস। তার চোখে কুন্দে ‘অবিশ্বাস্য ডিফেন্ডার’। 

দেশমের ছকেও গুরুত্বপূর্ণ কুন্দে। নিজের সামর্থ্য এই ডিফেন্ডার দেখিয়েছিলেন ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের বিপক্ষে ২-২ ড্র করা ‍গুরুত্বপূর্ণ ম্যাচে। ওই ম্যাচের আগে ফ্রান্সের হয়ে ওয়েলসের বিপক্ষে মাত্র ৪৫ মিনিট খেলার অভিজ্ঞতাটুকুই সম্বল ছিল তার। 

২০২১ সালের গ্রীষ্মের পর থেকে কুন্দে ফ্রান্সের সেরা একাদশে নিয়মিত হয়ে উঠেছেন। ১৩ ম্যাচের ১০টিতে খেলেছেন শুরু থেকে। সেন্টার ব্যাক হলেও মাঝেমধ্যে খেলেছেন রাইট-ব্যাক পজিশনে। উয়েফা নেশন্স লিগ এবং কাতার বিশ্বকাপের বাছাইয়ে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বেশ। 

কাতার বিশ্বকাপ নিয়ে স্বাভাবিভাবে রোমাঞ্চিত কুন্দে। যে কোনো পজিশনে কোচের প্রত্যাশার প্রতিদান দিতে উন্মুখ হয়ে থাকার কথা ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বোর্দোর এই সাবেক ডিফেন্ডার। 

“আমি সেন্ট্রাল ডিফেন্সে খেলতে বেশি অভ্যস্ত, যে পজিশনে ক্যারিয়ারে অধিকাংশ সময় খেলেছি। কিন্তু কোচ যেখানে চাইবেন, সেখানেই খেলব।”
“ফ্রান্সের জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেটাই গুরুত্বপূর্ণ। আমি শুরু থেকে খেলতে চাই এবং যদি কোচ মনে করেন, আমি রাইট-ব্যাকে খেললে দলের ভালো হবে, আমি সেটা আনন্দচিত্তে মেনে নেব-এটা কোনো সমস্যা নয়।” 

বিশ্ব সেরার মুকুট ধরে রাখার মিশনে ‘ডি’ গ্রুপে খেলবে ফ্রান্স। তাদের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। 

আগামী ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।