১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেশন্স কাপের মাঝেই চাকরি হারালেন কোত দি ভোয়ার কোচ

মধ্য আফ্রিকার ছোট্ট দেশ ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর জ্যাঁ-লুই গেস্সেকে ছাঁটাই করল কোত দি ভোয়ার ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 09:17 PM

Updated : 24 Jan 2024, 09:29 PM

টুর্নামেন্ট এখনও শেষ হয়নি। দলের পরের ধাপে ওঠার আশা ক্ষীণ হলেও আছে। তবে ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে বিব্রতকর হারের পর কোচ জ্যাঁ-লুই গেস্সেকে ছাঁটাই করে দিল কোত দি ভোয়া। 

আফ্রিকান নেশন্স কাপের এবারের আসর বসেছে কোত দি ভোয়ায়। ঘরের মাঠে আসরের শুরুটা দারুণ হয় স্বাগতিকদের; প্রথম ম্যাচে তারা ২-০ গোলে হারিয়ে দেয় গিনি-বিসাউকে।

তবে পরের ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে যায় কোত দি ভোয়া। আর গত সোমবার গ্রুপের শেষ রাউন্ডে মধ্য আফ্রিকার ছোট্ট দেশ ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা।

আফ্রিকান নেশন্স কাপের ইতিহাসে এত বড় ব্যবধানে এর আগে কখনও কোনো স্বাগতিক দল হারেনি। আর এই হারের ফলে চলতি আসর থেকে ছিটকে পড়ার শঙ্কায়ও পড়ে গেছে কোত দি ভোয়া।

এক দিন পরই বুধবার কোচ গ্যাস্সেকে বহিষ্কার করার কথা জানাল দেশটির ফুটবল ফেডারেশন।

তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে উঠেছে ইকুয়েটোরিয়াল গিনি। সমান পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের ধাপে উঠেছে নাইজেরিয়া। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে আছে কোত দি ভোয়া।

ছয় গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারটিও সুযোগ পাবে শেষ ষোলোয় খেলার। কোত দি ভোয়া এখন আছে সেই অপেক্ষায়। 

২০২২ সালের মে মাসে দায়িত্ব নেওয়া গ্যাস্সের কোচিংয়ে আগের সময়টা অবশ্য একেবারে খারাপ কাটেনি কোত দি ভোয়ার। তার সময়ে ১৭ ম্যাচ খেলে জিতেছে ১০টি; তিনটি ড্র ও চারটি হার।