Published : 12 Jul 2023, 11:19 AM
কাজুইয়োশি মিউরা এখন মাঠে নামা মানেই প্রতি ম্যাচে নতুন ইতিহাস। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ইতিহাসের পথ ধরে তার সেই ছুটে চলা চলবে অন্তত আরও কিছুদিন। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী এই পেশাদার ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে তার ক্লাব।
‘কিং কাজু’ নামে পরিচিত এই স্ট্রাইকার গত জানুয়ারি থেকে ধারে খেলছেন ওলিভেইরেন্সে। পর্তুগালের দ্বিতীয় বিভাগের দলটি মঙ্গলবার টু্ইটারে জানায় ৫৬ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তি বাড়ানোর খবর। তবে নতুন চুক্তির মেয়াদ সুনির্দিষ্ট করে জানানো হয়নি।
মিউরার পেশাদার ক্যারিয়ারের বয়স ৩৭ বছর। সেই ১৯৮৬ সালে ব্রাজিলের সান্তোসে তার ক্যারিয়ারের পথচলা শুরু। ব্রাজিলেই পরে খেলেছেন পালমেইরাস, করিচিবাতে। সান্তোসেও ছিলেন আরেক দফায়। ইউরোপে খেলেছেন ইতালিয়ান ক্লাব জেনোয়া ও ক্রোয়েশিয়ায় ক্লাব দিনামো জাগরেবে। জাপানের বিভিন্ন ক্লাবে তো খেলেছেনই।
২০০১ সালে তিনি যোগ দেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। পরে ২০০৫ সালে নাম লেখান ইয়োকোহামায়। সেখান থেকে মূলত আছেন তিনি এই ক্লাবেই। তবে নানা সময়ে ধারে খেলেছেন অন্যান্য ক্লাবে।
ইয়োকোহামার মালিকপক্ষ গত নভেম্বরে ওলিভেইরেন্সের বেশির ভাগ শেয়ারও কিনে নেয়। জাপানের দ্বিতীয় বিভাগ থেকে শীর্ষ লিগে উঠে আসা ইয়োকোহামা থেকে পরে ধারে ওলিভেইরেন্সে পাঠানো হয় মিউরাকে।
জাপানের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মনে করা হয় মিউরাকে। জাতীয় দলের হয়ে ১৯৯০ থেকে ২০০০ পর্যন্ত ক্যারিয়ারে ৯০টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৫৫টি।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তার অভিষেক হয়েছিল ১৯৯০ এশিয়ান গেমসে। ১৯৯৮ সালে জাপানের প্রথম বিশ্বকাপ খেলায় তার ছিল বড় অবদান। বাছাইয়ে তিনি গোল করেছিলেন ১৪টি। তবে বিশ্বকাপ দল থেকে বিতর্কিতভাবে তাকে বাদ দেওয়া হয়।
মিউরা পরে ৪৫ বছর বয়সে খেলেছেন জাপানের ফুটসাল দলেও। তার ক্যারিয়ারের গল্প চলবে আরও কিছুদিন।