১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্ট্যান্সনি নাকি লিভাকোভিচ, গার্সিয়ার বিকল্প কে

এ বিষয়ে নিজের ভাবনা জানালেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

স্ট্যান্সনি নাকি লিভাকোভিচ, গার্সিয়ার বিকল্প কে

ভয়চেখ স্ট্যান্সনি (বাঁয়ে) ও দমিনিক লিভাকোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 11:57 PM

Updated : 18 Sep 2026, 11:57 PM

আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে শেষ ম্যাচে দলের মূল গোলরক্ষককে পাচ্ছে না বার্সেলোনা। হাঁটুর চোটে শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারবেন না জোয়ান গার্সিয়া। তার জায়গায় ভয়চেখ স্ট্যান্সনি নাকি দমিনিক লিভাকোভিচকে খেলানো হবে, তা নিয়ে রয়েছে কৌতূহল।

লিগে গত বুধবার রেসিং সান্তানদেরের বিপক্ষে বার্সেলোনার ৭-২ গোলে জয়ের ম্যাচের প্রথমার্ধে চোট পান গার্সিয়া। তার জায়গায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলেন স্ট্যান্সনি। এই পোলিশ গোলরক্ষকের বড় একটি ভুলে গোল হজম করতে হয় দলকে। সমর্থকদের অনেকে তাই লিভাকোভিচকে খেলানোর দাবি তুলেছেন।

সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের কাছে জানতে চাওয়া হয়, গার্সিয়ার জায়গায় কাকে খেলানো হবে। জার্মান কোচ তুলে ধরেন তার ভাবনা।

“ম্যাচের পরই আমি বলেছিলাম, আমাদের সবারই ভুল হয় এবং টেক (স্ট্যান্সনি) সেটা জানে। আমি তার সঙ্গে কথা বলেছি। প্রথম বল স্পর্শ করার মুহূর্তেই বুঝেছিলাম, সে কিছুটা সমস্যায় পড়েছে; আশা করি এমনটা আর হবে না।

“টেক আমাদের খেলার দর্শন ও ধরন সম্পর্কে জানে। দমিনিক মাত্রই দলে এসেছে এবং আমাদের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সে খেলার জন্য প্রস্তুত কি না, সেটা আমাদের ভেবে দেখতে হবে। দলের জন্য যা সেরা, সবসময় সেটাই বিবেচনা করা হয়। আমরা সবসময় পরিস্থিতি বিশ্লেষণ করি এবং কী করলে দলের ভালো হবে, সেটা চিন্তা করি।”

পোস্টে বিকল্প বাড়াতে গত অগাস্টে চার বছরের চুক্তিতে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচকে দলে নেয় বার্সেলোনা।

“এই পজিশনে মানসম্পন্ন খেলোয়াড় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। দমিনিককে নিয়ে আমরা শীর্ষমানের একজন গোলরক্ষক পেয়েছি। আর টেকের কথা যদি বলি- অতীতের দিকে তাকালে, বিশেষ করে প্রথম মৌসুমে যখন আমরা তার হাত ধরে লিগ জিতেছিলাম এবং সেই সাফল্যের পেছনে তার বড় ভূমিকা ছিল। আমার মতে মানসম্পন্ন ও অভিজ্ঞ গোলরক্ষক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।”

ফ্লিকের কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আপাতত স্ট্যান্সনিই বিকল্প গোলরক্ষক হিসেবে থাকবেন, বিশেষ করে লিভাকোভিচ যতক্ষণ না দলের খেলার ধরনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেন। শুরুর একাদশে খেলার মাধ্যমে স্ট্যান্সনি নিজেকে পুরোপুরি প্রস্তুত করার সুযোগ পাবেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত ভুল এড়ানোর দিকেই তার পূর্ণ মনোযোগ থাকবে।

এবারের লা লিগায় প্রথম ছয় ম্যাচের সবকটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে গত দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।