০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চোটে ২০২৬ শেষ সিনারের, র‌্যাঙ্কিংয়ে চূড়ায় আসবে বদল

বছরের অনেকটা সময় কোর্টে আধিপত্য করেও, শেষটা হচ্ছে তার একরাশ হতাশায়।

চোটে ২০২৬ শেষ সিনারের, র‌্যাঙ্কিংয়ে চূড়ায় আসবে বদল

ইয়ানিক সিনার (বামে) ও আলেক্সান্ডার স্ফেরেফ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 07:57 PM

Updated : 06 Oct 2026, 07:57 PM

দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন ইয়ানিক সিনার। খেলতে পারেননি ইউএস ওপেনে। একই সময়ে এই বছরে আর কোর্টে নামতে পারবেন ইতালিয়ান তারকা।

গত জুলাইয়ে উইম্বলডনের পুরুষ এককের শিরোপা ধরে রাখার পর, ডান হাঁটুর সমস্যায় আর কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারেননি সিনার। আরও অনেকদিন যেন খেলা চালিয়ে যেতে পারেন, সেজন্যই পুরোপুরি সেরে ওঠার দিকে মনোযোগ দিচ্ছেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়।

“চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার হাঁটুর পরিপূর্ণ একটা চিকিৎসা প্রয়োজন”, ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় জানিয়েছেন পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

“গত কয়েক বছরে আমার জীবনে খুব সুন্দর সব স্মৃতি ও আবেগঘন মুহূর্ত যোগ হয়েছে, সেই দিক থেকে ভাবলে এই বছর একটু ব্যতিক্রম।

“আমি যেন আবার শতভাগ দিতে পারি, সেজন্য প্রয়োজনীয় সবকিছু করব।”

এই বছরের অধিকাংশ সময়ই কোর্টে আধিপত্য করেছেন সিনার। এককে ৪৪টি ম্যাচ জিতেছেন তিনি, হেরেছেন কেবল তিনটি।

গত মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়ে টানা পাঁচটি মাস্টার্স ১০০০ শিরোপা জিতে সবচেয়ে কম বয়সি পুরুষ হিসেবে ‘ক্যারিয়ার গোল্ডেন মাস্টার্স’ জয়ের কীর্তি গড়েন।

কিন্তু চোটের ছোবলে বছরের শেষটা তার আশানুরূপ হচ্ছে না। তিনি আর খেলতে না পারায়, বছরের শেষে নিশ্চিতভাবেই র‌্যাঙ্কিংয়ে চূড়ায় বসবেন আলেক্সান্ডার স্ফেরেফ।

পেশাদার ক্যারিয়ারের প্রথম এক যুগে কোনো গ্র্যান্ড স্ল্যাম ছিল না জার্মানির স্ফেরেফের। সেই তিনিই এই বছর তিন মাসের মধ্যে তুলে ধরেন ফরাসি ওপেন ও ইউএস ওপেনের ট্রফি।