২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বর্ণবাদী আচরণ: চোখের জলে মাঠ ছাড়লেন উমতিতি

সেরি আ ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন লেসের দুই ফুটবলার সামুয়েল উমতিতি ও ল্যামিক ব্যান্ডা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 05:16 PM

Updated : 05 Jan 2023, 05:16 PM

নানা ধরনের পদক্ষেপ নিয়েও কোনোভাবে ফুটবলে বর্ণবাদ থামানো যাচ্ছে না। আক্রান্ত ফুটবলারের তালিকা যেন অন্তহীন। এবার সেরি আ’র ম্যাচে লেসের দুই খেলোয়াড় সামুয়েল উমতিতি ও লামিক ব্যান্ডার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার খবর এলো। 

বর্ণবাদ নিয়ে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলে এই ধরণের কর্মকাণ্ড বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি। 

ইতালীয় সংবাদপত্র লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, গত বুধবার লেস ও লাৎসিওর ম্যাচটি কয়েক মিনিটের জন্য বন্ধ রাখা হয়। ওই সময়ে স্টেডিয়ামে বর্ণবাদী স্লোগান বন্ধের জন্য আহ্বান জানানো হয়। 

লাৎসিওর ভক্তদের থামাতে লেসের সমর্থকরা উমতিতির নাম ধরে স্লোগান দিতে শুরু করে। খানিক বিরতির পর ম্যাচটি আবার শুরু হয় এবং পিছিয়ে থেকে ফিরে এসে ২-১ গোলে জেতে লেস। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন বার্সেলোনা থেকে ধারে এই মৌসুমে লেসে খেলা উমতিতি। 

ম্যাচ শেষে লেসের প্রেসিডেন্ট সাভেরিও স্তিচ্চি দামিয়ানি বলেন, উমতিতিই তাদের ফের ম্যাচ শুরু করতে বলেছিলেন। 

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার উমতিতি ইনস্টাগ্রাম পোস্টে মেলে ধরেন ফুটবল খেলাটা আসলে কেমন হওয়া উচিত। 

“শুধু ফুটবল, মজা, আনন্দ। বাকিগুলো মুখ্য নয়।” 

সামাজিক যোগাযোগমাধ্যমে উমতিতি ও ব্যান্ডার ছবি দিয়ে পোস্ট দিয়ে তাদের প্রতি সমর্থন জানান ইনফান্তিনো। 

“সামুয়েল উমতিতি ও লামিক ব্যান্ডার প্রতি সংহতি জানাই- আসুন এটি উচ্চস্বরে এবং পরিষ্কার করি: বর্ণবাদকে না বলি। অধিকাংশ ভক্ত, যারা ভালো মানুষ, তারা সকল বর্ণবাদীদের চিরতরে বন্ধ করার জন্য রুখে দাঁড়ান।”