গেতাফে ম্যাচে গিনদোয়ান-রবের্তোকে পাচ্ছে বার্সেলোনা
মৌসুম শুরুর আগেই লা লিগায় চার জন খেলোয়াড়ের নিবন্ধন করতে পেরেছে কাতালান ক্লাবটি।
নতুন দলে আসা ও পুরনো কয়েকজন খেলোয়াড়ের নিবন্ধন নিয়ে জটিলতার অনেকটাই সমাধান করে ফেলেছে বার্সেলোনা। ইলকাই গিনদোয়ান, ওরিওল রোমেউ ও ইজি আব্দের নিবন্ধন হয়ে যাওয়ায় গেতাফের বিপক্ষে মৌসুম শুরুর ম্যাচে নতুন এই তিন খেলোয়াড়ই স্কোয়াডে জায়গা পেয়েছেন।
গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু দুই দলের লড়াই।
সাধারণত ম্যাচের একদিন আগে ঘোষণা করা হয় স্কোয়াড। কিন্তু আর্থিক সমস্যায় জর্জরিত ক্লাবটি খেলোয়াড়দের নিবন্ধন আগেভাগে করতে না পারায় স্কোয়াড দিতে অনেকটা সময় নিল। অপেক্ষা শেষে, ম্যাচ শুরুর ১২ ঘণ্টার কম সময় আগে ২১ সদস্যদের দল ঘোষণা করেছে বার্সেলোনা।
ম্যাচটির জন্য দুই দিন আগেও মূল দলের স্রেফ ১২ জন খেলোয়াড় প্রস্তুত ছিল। গত ২৪ ঘণ্টায় দুই মিডফিল্ডার গিনদোয়ান ও রোমেউ এবং তরুণ ফরোয়ার্ড আব্দের পাশাপাশি পুরনো খেলোয়াড় সের্হি রবের্তোর নিবন্ধন করতে পেরেছে তারা। গত মার্চে তিনি নতুন চুক্তি করায় নতুন করে তার নিবন্ধন করানোর প্রয়োজন পড়ে। দলের অনেক সাফল্যের নায়ক ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারও আছেন দলে।
তবে, দলে নেই ডিফেন্ডার মার্কোস আলোনসো ও গোলরক্ষক ইনাকি পেনা। কারণ এই দুইজনকে এখনও নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা।
চোটের কারণে বাইরে আছেন ইনিগো মার্তিনেস। সের্জিনো দেস্ত ও ক্লেমোঁ লংলেও দলে নেই। চলতি গ্রীষ্মের দলবদলে এই দুই জনকে ছেড়ে দিতে চায় বার্সেলোনা, তাই তাদেরকে স্কোয়াডে রাখেননি কোচ শাভি এর্নান্দেস।
পেনার অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক আন্দের আস্ত্রালাগা। অভিজ্ঞ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানের ব্যাক-আপ হিসেবে রাখা হয়েছে তাকে।
