১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বায়ার্ন ছেড়ে ইন্টারে সমের

ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিজ্ঞ এই গোলরক্ষকের জন্য ৬০ লাখ ইউরো খরচ হয়েছে সেরি আ ক্লাবটির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 03:52 PM

Updated : 08 Aug 2023, 03:52 PM

চুক্তির মেয়াদ ছিল আড়াই বছরের। তবে ছয় মাস না যেতেই বায়ার্ন মিউনিখ ছাড়লেন ইয়ান সমের। অভিজ্ঞ সুইস গোলরক্ষক যোগ দিলেন ইন্টার মিলানে।

দুই ক্লাবই বিবৃতি দিয়ে গত সোমবার বিষয়টি জানায়৷ তবে ইন্টারের সমেরের চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি উল্লেখ করা হয়নি।

ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, সমেরকে পেতে বায়ার্নকে ৬০ লাখ ইউরো দিয়েছে সেরি আ ক্লাবটি।

গত জানুয়ারির দলবদলে বরুশিয়া মনশেনগ্লাডবাখ থেকে বায়ার্নে নাম লেখান ৩৪ বছর বয়সী সমের। মূলত মানুয়েল নয়ারের বিকল্প হিসেবে তাকে দলে টেনেছিল জার্মান চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়ের পর ছুটি কাটানোর সময় পা ভেঙে যায় বায়ার্নের গোলরক্ষক নয়ারের। এতে তিনি ছিটকে যান গত মৌসুমের বাকি অংশ থেকে।

বায়ার্নে ছোট অধ্যায়ে তাদের ৩৩তম বুন্ডেসলিগা জয়ে অবদান রাখেন সমের। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে তিনি ম্যাচ খেলেছেন ২৫টি।

সমেরকে দলে ভিড়িয়ে ইন্টার তাদের স্কোয়াডে গোলরক্ষকের ঘাটতি কিছুটা পূরণ করল। চলতি গ্রীষ্মের দলবদলে মিলানের ক্লাবটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন গোলরক্ষক আন্দ্রে ওনানা। এছাড়া ইন্টার ছেড়ে দেয় অন্য দুই গোলরক্ষক সামির হান্দানোভিচ ও আলেক্স করদাৎসকে।

২০১২ সালে অভিষেকের পর সুইজারল্যান্ডের হয়ে ৮০টির বেশি ম্যাচ খেলেছেন সমের।