১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কাং-ইনকে ক্ষমা করুন’, দ. কোরিয়ানদের প্রতি সনের অনুরোধ

এশিয়ান কাপের ঘটনায় তীব্র সমালোচনার মুখে থাকা তরুণ সতীর্থের পাশে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়া অধিনায়ক।

‘কাং-ইনকে ক্ষমা করুন’, দ. কোরিয়ানদের প্রতি সনের অনুরোধ

দক্ষিণ কোরিয়া অধিনায়ক সন হিউং-মিন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2024, 04:24 PM

Updated : 21 Feb 2024, 06:25 PM

অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিজের দিক থেকে কম করেননি অনুতপ্ত লি কাং-ইন। জাতীয় দলের সদস‍্যদের কাছে ক্ষমা চেয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ‍্যমেও ঘটনার জন‍্য দুঃখ প্রকাশ করেছেন। লন্ডনে গিয়ে স্বশরীরে সন হিউং-মিনের কাছে ক্ষমা চেয়েছেন। তবুও দক্ষিণ কোরিয়ায় চলছে তরুণ ফুটবলারের তীব্র সমালোচনা। দেশবাসীকে এবার শান্ত হতে বললেন সন।

এশিয়ান কাপের সেমি-ফাইনালে আঙুলে চোট নিয়ে খেলেন দক্ষিণ কোরিয়া অধিনায়ক। কনিষ্ঠাসহ তার ডান হাতের দুই আঙুল একসঙ্গে ব‍্যান্ডেজ করা ছিল। জর্ডানের বিপক্ষে ২-০ গোলে হেরে আসর থেকে বিদায় নেয় দক্ষিণ কোরিয়া। বাড়ে এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে শিরোপার জন‍্য তাদের ৬৪ বছরের অপেক্ষা। শেষ চার থেকে বিদায়ের পর ছাঁটাই হন কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান।

ম‍্যাচের পর কোরিয়া ফুটবল অ‍্যাসোসিয়েশন একটি ব্রিটিশ গণমাধ‍্যমকে জানায়, কয়েকজন তরুণ সতীর্থদের সঙ্গে আগেভাগেই রাতের খাবার শেষ করে টেবিল টেনিস খেলতে চেয়েছিলেন। ম‍্যাচের আগে রাতের ওই খাবারের সময়টাকে দলীয় সংহতি বাড়ানোর জন‍্য কাজে লাগাতে চেয়েছিলেন সন। এ নিয়ে তার সঙ্গে তর্ক বেধে যায় লির।

এক পর্যায়ে ধাক্কা ধাক্কি শুরু হলে টটেনহ‍্যাম হটস্পার ফরোয়ার্ড সন হাতের আঙুলে চোট পান। খেলোয়াড়দের টেনে অন‍্য দিকে সরিয়ে নেওয়া হয়। দেশের সবচেয়ে জনপ্রিয় অ‍্যাথলেটের সঙ্গে অপ্রীতিকর এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন পিএসজি মিডফিল্ডার লি। যা চলছে এখনও। বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে এটা থামাতে বললেন সন।

“কাং-ইন নিজের কাজের জন‍্য আন্তরিকভাবে আত্ম-অনুসন্ধান করেছে এবং আমি সহ জাতীয় দলের সব খেলোয়াড়ের কাছে আন্তরিক ক্ষমা চেয়েছে। এ ধরনের ভুল আচরণ করা থেকে কাং-ইনকে বিরত রাখতে আমাদের সব খেলোয়াড়, জাতীয় দলের জ্যেষ্ঠ  খেলোয়াড়রা নিজেদের দিক থেকে তার বিশেষ যত্ন নেবে। যেন সে আরও ভালো মানুষ ও খেলোয়াড় হিসেবে বেড়ে ওঠে।” 

“সেই ঘটনার পর থেকে কাং-ইন খুব কঠিন সময়ের মধ‍্য দিয়ে যাচ্ছে। দয়া করে উদার হৃদয়ে একবারের জন‍্য তাকে ক্ষমা করুন।”

এক ইনস্টাগ্রাম পোস্টে লি জানান, লন্ডনে গিয়ে ব‍্যক্তিগতভাবে সনের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

“সেদিন রাতের খাবারের সময় আমি এমন কিছু করেছি, যা করা আমার কখনও উচিত ছিল না। পেছন ফিরে আবার দেখলে, এটা এমন কিছু যা আমার কখনও করা উচিত ছিল না। এর জন‍্য আমি গভীরভাবে অনুতপ্ত।”