১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজের ওপর বিশ্বাস রাখো’, হয়লুনকে বলেছিলেন টেন হাগ

নতুন মালিকের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকার কথাও বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

‘নিজের ওপর বিশ্বাস রাখো’, হয়লুনকে বলেছিলেন টেন হাগ

অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের এক ফাঁকে গাসমুস হয়লুনকে কোনো বিষয়ে বোঝাচ্ছেন কোচ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ টেন হাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 04:39 PM

Updated : 27 Dec 2023, 04:39 PM

ডেনমার্কের হয়ে গোল পেয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতেও চ্যাম্পিয়ন্স লিগে পেয়েছেন জালের দেখা। কিন্তু গাসমুস হয়লুন ভাঙতে পারছিলেন না প্রিমিয়ার লিগের গেরো। অবশেষে সেই ব্যর্থতার বৃত্ত তিনি ভাঙলেন অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে। পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের প্রশংসা। 

যদিও মঙ্গলবার ভিলার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ইউনাইটেড ছিল বিধ্বস্ত, দিশাহীন। দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল টেন হাগের দল। খাদের কিনারা থেকে ইউনাইটেডকে টেনে তোলে আলেহান্দ্রো গারনাচোর জোড়া গোল। পরে ম্যাচের নির্ণায়ক গোলটি করেন হয়লুন; ইউনাইটেড জিতে যায় ৩-২ ব্যবধানে।

প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লেখার প্রেক্ষাপট টেন হাগ তৈরি করেছিলেন বিরতির ফাঁকে। মুষড়ে পড়া দলকে উজ্জীবিত করতে কী টোটকা কাজে লাগিয়েছিলেন, তা জানালেন ম্যাচ শেষের প্রতিক্রিয়ায়।

“বিরতির সময় বলেছিলাম-বিশ্বাস রাখো এবং আমরা জিতব।”

“ম্যাচের আগে বলেছিলাম, আর্সেনালের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিপূর্ণ ফুটবল খেলেছি; লিভারপুলের বিপক্ষে লড়াকু ফুটবল খেলেছি। যদি নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে যে কাউকে হারাতে পারি আমরা।”

এই টোটকাতেই দ্বিতীয়ার্ধে বদলে যায় ইউনাইটেড। ৫৯তম মিনিটে গারনাচো এনে দেন ম্যাচে ফেরার উপলক্ষ। ৭১তম মিনিটে সমতার স্বস্তিও এনে দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এরপর হয়লুনের প্রিমিয়ার লিগ গোলের খাতা খোলার পালা। প্রথমার্ধেই জালের দেখা পেতে পারতেন তিনি, কিন্তু গারনাচোর ক্রসে বলের নাগাল পাননি। সমর্থক, নতুন মালিকদের পক্ষ থেকে ডিরেক্টর বক্সে বসে খেলা দেখা কর্তারাও তখন হতাশা আড়াল করেননি। তবে ডেনমার্কের এই তরুণ স্ট্রাইকারকে নিয়ে আশা ছাড়েননি টেন হাগ।

“হ্যাঁ, অবশ্যই, হয়লুনের সঙ্গে অনেকবার  কথা হয়েছে এ নিয়ে এবং সবসময় আমি তাকে বলেছি- তুমি ডেনমার্কের হয়ে অনেক গোল করেছে। চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছ। এটাই তো তোমার সামর্থ্যের জানান দিচ্ছে। তুমি পারবে (প্রিমিয়ার লিগে গোল করতে)। বিশ্বাস রাখো; গোল আসবে। আমি নিশ্চিত, প্রথম গোলটা এসেছে, এখন আরও গোল সে করবে।”

দু’দিন আগে ইউনাইটেডের ২৫ শতাংশের মালিকানা কিনেছেন স্যার জেমস র‌্যাটক্লিফ। ক্রীড়াপ্রেমী এই ধনকুবেরের হাত ধরে সোনালি দিন ফেরানোর স্বপ্ন দেখছে ইউনাইটেড। টেন হাগও জানালেন, নতুন মালিকের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছেন তিনি।

“আমরা সামনের দিকে তাকিয়ে আছি। তাদের এগিয়ে আসাটা আমি মনে করি ইতিবাচক বিষয়। খেলাধুলার সর্বোচ্চ পর্যায়ে তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে; ফর্মুলা-ওয়ান, সাইক্লিং টিম (ইনিয়োস গ্রেনাডিয়ার্স), অন্য সব ফুটবল ক্লাবে তাদের সংশ্লিষ্টতা আছে। এগুলো আমাদের লক্ষ্যপূরণে কেবল সহযোগিতা ও সমর্থনই দিতে পারে। তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী এবং আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই।”