রিয়ালের হারের ‘সুযোগ’ কাজে লাগানোর আনন্দ বার্সার
বেশ ভুগলেও আতলেতিকো মাদ্রিদের মাঠে ৩ পয়েন্ট পাওয়ায় উচ্ছ্বসিত বার্সেলোনা অধিনায়ক সের্হিও বুসকেতস।
ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হার বার্সেলোনাকে সুযোগটা করে দিয়েছিল। তা কাজে লাগিয়ে পয়েন্ট টেবিলে ঘাড়ে শ্বাস ফেলা চিরপ্রতিদ্বন্দ্বীদের খানিকটা পেছনে ফেলেছে কাতালুনিয়ার দলটি। সের্হিও বুসকেতসও তাই অনুভব করছেন দারুণ তৃপ্তি।
লা লিগায় রোববার রাতে আতলেতিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ১-০ গোলে হারায় বার্সেলোনা। ২২তম মিনিটে উসমান দেম্বেলের করা গোলটি রক্ষণের দৃঢ়তায় আগলে রেখে জয় নিয়ে ফেরে শাভি এর্নান্দেসের দল।
এই জয়ে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের মাঠে হেরে নতুন বছর শুরু করা রিয়াল ৩ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় জোর চেষ্টা চালিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আতলেতিকো। তাতে জয়ের সঙ্গে গোল হজম না করে ফেরার আনন্দও সঙ্গী হয় বার্সেলোনার। অধিনায়ক বুসকেতসের খুশি তাতে আরও বেশি।
“ক্লিন শিট ধরে রাখতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের মাঠে ম্যাচ হলে সেটা আরও বেশি কঠিন। জমাট থাকার ধারাবাহিকতায় থাকতে হবে আমাদের। আক্রমণে আমরা আরও দাপুটে হলে খুশি হতাম, যদিও পরিষ্কার তেমন কোনো সুযোগ তৈরি পায়নি ওরাও।”
চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত কেবল ৬ গোল হজম করেছে বার্সেলোনা, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যা সর্বনিম্ন। ১৬ ম্যাচের ১২টিতে জাল অক্ষত রাখেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে চেপে ধরে সমতায় ফিরতে মরিয়া আতলেতিকো। শেষ দিকে সমতায় ফেরানোর দারুণ সুযোগ পান অঁতোয়ান গ্রিজমান। এই ফরাসি ফরোয়ার্ডের শটে বলও ছুটছিল জালের দিকে, কিন্তু গোললাইন থেকে ফিরিয়ে বার্সেলোনার ত্রাতা রোনাল্দ আরাউহো!
প্রতিপক্ষের মাঠে ভুগলেও তাই পুরো পয়েন্ট ফিরতে পারার স্বস্তি ঝরল বুসকেতসের কণ্ঠে।
“রিয়াল মাদ্রিদের হারের পর এটা আমাদের জন্য সুযোগ ছিল এবং আমরা সেটা নিতে পেরেছি। আমরা জানতাম, এটা কঠিন ম্যাচ হবে। দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আমরা ভুগেছি, কিন্তু তিন পয়েন্টও পেয়েছি।”
