১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ গোলে হারল বাংলাদেশ

উত্তর কোরিয়া ম্যাচের তুলনায় কম গোল খাওয়ার স্বস্তি অন্তত সঙ্গী হলো পিটার জেমস বাটলারের দলের।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ গোলে হারল বাংলাদেশ

শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অভাবনীয় কিছু করে দেখাতে পারেননি ঋতুপর্ণা-মনিকারা। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 03:46 PM

Updated : 17 Sep 2026, 03:46 PM

একাদশে ছয় পরিবর্তন এনে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুতে উজ্জীবিত ফুটবল খেলল বাংলাদেশ। অভাবনীয় কিছু করতে অবশ্য পারলেন না ঋতুপর্ণা-মনিকারা। তবে হারলেও উত্তর কোরিয়া ম্যাচের তুলনায় কম গোল হজমের লক্ষ্য অন্তত পূরণ হলো দলের।

নাগাই স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ। টানা দুই জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল এই ইভেন্টে তিনটি ব্রোঞ্জ জেতা দক্ষিণ কোরিয়া। অন্যদিকে টানা দুই হারে শঙ্কায় পড়ে গেল বাংলাদেশের সেরা আটে ওঠা।

উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করে বাংলাদেশ। এখনও তাদের সামনে আছে তিন গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থেকে কোয়ার্টার-ফাইনাল খেলার সুযোগ। এ লক্ষ্য পূরণে সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করে মিয়ানমার।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আনিকা রানিয়া সিদ্দিকী, সুলতানা, আইরিন খাতুন, সুরভি আরফিন, অর্পিতা বিশ্বাস ও মিলি আক্তারের জায়গায় বাটলার খেলান ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, মনিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও রুপনা চাকমাকে।

অভিজ্ঞদের নিয়ে বেশ সাহসী ফুটবল খেলতে থাকে বাংলাদেশ।

ষোড়শ মিনিটে প্রতিরোধ ভাঙে বাংলাদেশের। কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন কিম মিনজি। মিলির বদলে লম্বা সময় পর পোস্টে ফেরা রুপনা লাফিয়েও পাননি বলের নাগাল। পরের মিনিটে নিজেদের ভুলে আবার গোল খেতে বসে তারা। বল ক্লিয়ার করতে পা বাড়িয়ে দেন ঋতুপর্ণা, ভাগ্য ভালো পোস্ট ঘেঁষে তা বেরিয়ে যায়।

৩৬তম মিনিটে চো হাইজোর দূলপাল্লার শট ফিস্ট করে ফেরান দুটি উইমেন’স সাফ জয়ী গোলকিপার রুপনা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে দক্ষিণ কোরিয়া। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন জেওং দাবিন। রুপনা কিছু করার সুযোগই পাননি। অবশ্য ভিডিও রিপ্লেতে দেখা যায় বেরিয়ে যাওয়ার সময় দাবিন অফসাইডে ছিলেন।

দ্বিতীয়ার্ধে তহুরাকে তুলে আনিকাকে নামান বাটলার। তবে, এ অর্ধে দক্ষিণ কোরিয়া আরও আক্রমণাত্মক খেলে চার গোল তুলে নেয়। ৬৫তম মিনিটে চো ইউরির ব্যবধান আরও বাড়ান। ৭৬তম মিনিটে সতীর্থের কাট ব্যাকে জি সইয়ুন প্লেসিং শটে এবং তিন মিনিট পর হিউন সিউনজি লক্ষ্যভেদ করেন।

যোগ করা সময়ে শেষ গোলটি করেন কো ইয়োজিন।