২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রোনালদোকে তুলে নেওয়ার কারণ ব‍্যাখ‍্যা করলেন পর্তুগাল কোচ

কোনো চোট শঙ্কা নয়, কৌশলগত কারণে অধিনায়ককে তুলে নেওয়ার কথা বললেন জর্জে জেসুস।

রোনালদোকে তুলে নেওয়ার কারণ ব‍্যাখ‍্যা করলেন পর্তুগাল কোচ

পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 04:17 PM

Updated : 25 Sep 2026, 04:17 PM

‘এক-দুইটা গোল করলেই তাকে তুলে নেব’, ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বলা কথাটি পুরোপুরি রাখেননি জর্জে জেসুস। ওয়েলসের বিপক্ষে জালের দেখা পাওয়ার আগেই মহাতারকাকে তুলে নেন পর্তুগাল কোচ। পরে ম্যাচ শেষে এমন সিদ্ধান্তের কারণ খোলাসা করেন তিনি।

লিসবনে বৃহস্পতিবার ওয়েলসের বিপক্ষে ১-০ গোলে জিতে উয়েফা নেশন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে পর্তুগাল। একমাত্র গোলটি করেছেন জোয়াও ফেলিক্স।

পর্তুগালের জয়ের ব্যবধান হতে পারত আরও বড়। কিন্তু রোনালদো একের পর এক সুযোগ নষ্ট করায় সেটা হয়নি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে তো অবিশ্বাস্য একটি মিস করেন তিনি! সতীর্থের ক্রস ফাঁকা জালে পাঠাতে ব্যর্থ হন এই মহাতারকা। টোকা দেওয়ার চেষ্টায় বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার!

কিছুক্ষণ পর যদিও ব্রুনো ফের্নান্দসের থ্রু পাস ডি-বক্সে পেয়ে দারুণ শটে বল জালে পাঠান রোনালদো; তবে তিনি অফসাইডে থাকায় ভিএআরে গোল মেলেনি। ৬৭তম মিনিটে তাকে তুলে নেন গসালো রামোসকে নামান কোচ।

বিশ্বকাপে পর্তুগালের পাঁচ ম্যাচের চারটিতেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন রোনালদো। নতুন কোচের প্রথম ম্যাচে পুরোটা সময় মাঠে থাকলে পারলেন না তিনি।

ম্যাচ শেষে জেসুসকে জিজ্ঞাস করা হয়, রোনালদোকে তুলে নেওয়া কি তার পূর্ব পরিকল্পনার ছিল?

“না (আগের পরিকল্পনা ছিল না)। ম্যাচের পরিস্থিতিই সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তখন খেলার ২৫ মিনিট বাকি ছিল। প্রতিপক্ষের আক্রমণ গড়ে তোলার শুরুটা নষ্ট করতে আমার অন্তত একজন সতেজ খেলোয়াড় দরকার ছিল। টেকনিক‍্যালি, আক্রমণভাগের দিক থেকে, বল নিজের নিয়ন্ত্রণে রাখা ও প্রতিপক্ষের রক্ষণে উদয় হওয়ার গুণ ক্রিশ্চিয়ানোর রয়েছে, তা গসালোর নেই; তবে আমি জানতাম যে গসালো আমাদের প্রথম রক্ষণ লাইনে গতি এনে দেবে।

“এ কারণেই আমি তাকে (রামোস) নামানোর সিদ্ধান্ত নিয়েছি। আর টেকনিক্যাল দিক থেকেও সে খেলার খুব বেশি সুযোগ পায়নি। সব মিলিয়ে অবশ্য দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।”