১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের বিপক্ষে মেসিকে পাওয়ার আশায় পিএসজি

তবে মোনাকোর বিপক্ষে লিগ ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না আর্জেন্টাইন তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 09:54 PM

Updated : 10 Feb 2023, 09:54 PM

হ্যামস্ট্রিং চোটে পড়া লিওনেল মেসিকে লিগ ওয়ানে পরবর্তী ম্যাচে পাবে না পিএসজি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়েও তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ের আশা, বায়ার্নের বিপক্ষে খেলতে পারবেন আর্জেন্টাইন তারকা। 

লিগ ওয়ানে শনিবার মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে আগামী মঙ্গলবার বায়ার্নের বিপক্ষে লড়বে তারা। 

বছরের শুরু থেকে বারবার হোঁচট খাচ্ছে পিএসজি। লিগ ওয়ানে সবশেষ দুই রাউন্ডে জয় পেলেও গত বুধবার ফরাসি কাপের শেষ ষোলোয় মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তারা। ওই ম্যাচের পুরো ৯০ মিনিট খেলেন মেসি। তবে এরপর হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করার কথা জানান তিনি।

যার ফলে মোনাকো ম্যাচ থেকে তার ছিটকে পড়ার কথা শুক্রবার নিশ্চিত করেন গালতিয়ে। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী সোমবার অনুশীলনে ফিরবেন ৩৫ বছর বয়সী মেসি। 

“লিও পেশিতে সমস্যা অনুভব করছে। সে সোমবার আবার অনুশীলন শুরু করবে। বায়ার্নের বিপক্ষে তার খেলার সম্ভাবনা আছে। আমাদের দলে লিওর গুরুত্ব কতটা, তা আমরা জানি। তার অনুপস্থিতিতে, আমাদের আরও শক্ত ও গোছানো দল গড়ে ভিন্ন কৌশলে খেলতে হবে।” 

“লিওকে ছাড়া মোনাকোর বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। মৌসুমের মাঝামাঝি বিশ্বকাপ এবং এরপর টানা ম্যাচ থাকায় খেলোয়াড়রা চোট পাচ্ছে।”

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক মেসি চলতি লিগ মৌসুমে পিএসজির হয়ে ১০ গোল করার পাশাপাশি করিয়েছেন ১০টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে তার গোল সংখ্যা ১৫। 

কিলিয়ান এমবাপেকেও হারিয়েছে পিএসজি। গালতিয়ে বললেন, বাঁ ঊরুর চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ফরাসি তারকা। তাই বায়ার্নের বিপক্ষে ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই। 

একটি সুখবর অবশ্য আছে পিএসজির জন্য। হ্যামস্ট্রিং সমস্যা থেকে সেরে উঠেছেন ডিফেন্ডার আশরাফ হাকিমি। 

লিগ ওয়ানে ২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মার্সেই।