'রিয়ালের প্রস্তাবের পর অন্য ক্লাবগুলো গুরুত্ব হারিয়ে ফেলে'
স্পেনের সফলতম ক্লাবটির হয়ে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে চান আর্দা গুলার।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে ইউরোপের শীর্ষ আরও কয়েকটি ক্লাবের নজর ছিল আর্দা গুলারের দিকে। তবে শেষ পর্যন্ত ‘তুরস্কের মেসি’ নামে পরিচিত এই ফুটবলার বেছে নেন ইউরোপের সফলতম দলটিকে। দারুণ সম্ভাবনাময় এই অ্যাটাকিং মিডফিল্ডার বললেন, রিয়ালের ডাক পাওয়ার পর অন্যদের প্রস্তাবগুলোর কোনো আবেদন ছিল না তার কাছে।
তুরস্কের ক্লাব ফেনেরবাচ থেকে গত বৃহস্পতিবার রিয়ালে যোগ দেন গুলার। চুক্তি হয় ছয় বছরের। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৮ বছর বয়সীর জন্য রিয়ালকে গুনতে হয়েছে ২ কোটি ইউরো।
গুলারকে দলে ভেড়াতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে লড়তে হয় রিয়ালকে। গুঞ্জন রয়েছে, কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার নাকি খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তুরস্কের এই তরুণ।
বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা তো প্রকাশ্যেই বলেন, গুলারকে আনার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের হতাশ করে শেষ পর্যন্ত প্রতিভাবান এই মিডফিল্ডার নাম লিখিয়েছেন রিয়াল শিবিরে। সান্তিয়াগো বের্নাবেউয়ে শুক্রবার রিয়ালের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় গুলারকে। সেখানে তিনি বলেন, স্প্যানিশ ক্লাবটির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর আর কিছু ভাবেননি তিনি।
“অনেক প্রস্তাবই ছিল, তবে বরাবরই আমার অগ্রাধিকার ছিল রিয়াল মাদ্রিদ। আমি আবারও বলছি যে, অনেক ক্লাবই তাদের প্রস্তাব তুলে ধরেছিল। কিন্তু রিয়াল মাদ্রিদের প্রস্তাব আসার পর অন্যরা গুরুত্ব হারিয়ে ফেলে।”
বিভিন্ন সময়ে তরুণ খেলোয়াড়দের দলে আনার পর ধারে অন্য ক্লাবে পাঠিয়েছে রিয়াল। তবে গুলার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, অন্য কোথাও যাবেন না তিনি।
“না, আমি সেই সম্ভাবনা (অন্য ক্লাবে ধারে খেলা) নেই। আমি এখানেই থাকতে চাই। তারা আমাকে বলেছে আমি খেলব এবং সেটার জন্য আমি প্রস্তুত বলেই মনে করি। আমি কঠোর পরিশ্রম করতে এবং নিজের সবটুকু উজাড় করে দিতে এসেছি।”
মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হলেও গুলার খেলতে পারেন মিডফিল্ড ও আক্রমণভাগের বিভিন্ন পজিশনে। ২০১৯ সালে ফেনেরবাচের একাডেমিতে যোগ দেন গুলার।
দলটির হয়ে তুরস্কের শীর্ষ লিগে অভিষেকে একটি অ্যাসিস্ট করেন তিনি। হয়ে যান লিগে দলটির সর্বকনিষ্ঠ গোলস্কোরারও। ২০২২-২৩ মৌসুমে লিগে ২০ ম্যাচে ৪টি গোল করেন গুলার।
