০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সুলিভানের রেকর্ড

যুক্তরাষ্ট্রের ফুটবলের এর মধ্যেই বেশ কিছু রেকর্ড গড়া ১৭ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার এবার গড়লেন দারুণ আরেকটি কীর্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 11:32 AM

Updated : 01 Oct 2026, 11:32 AM

যুক্তরাষ্ট্রের ফুটবলে বয়সের বেশ কিছু রেকর্ডেই জ্বলজ্বল করছে ক্যাভিন সলিভানের নাম। কিশোর এই প্রতিভা এবার গড়লেন আরেকটি দারুণ কীর্তি। মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাসসেরা হওয়ার রেকর্ড এখন বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলারের।

মেজর লিগ সকারের সেপ্টেম্বর মাসের সেরা হয়েছেন সলিভান। ১৭ বছর ২ দিন বয়সে এই স্বীকৃতি পেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের মিডফিল্ডার, আগের রেকর্ডে পেছনে ফেলে দিলেন তিনি অনেক ব্যবধানে।

২০২০ সালের অগাস্ট মাসের সেরা হয়ে রেকর্ডটি গড়েছিলেন ড্যারিল ডাইক। অরল্যান্ডো সিটির স্ট্রাইকারের বয়স ছিল ২০ বছর ৯৮ দিন।

সেপ্টেম্বর মাসে সলিভানের এই পুরস্কার জেতাটা একরকম অবধারিতই ছিল। এই মাসে ৫ ম্যাচের সবকটি জিতেছে ফিলাডেলফিয়া। প্রতি ম্যাচেই দারুণ খেলে ৪টি গোল করেন সলিভান, সহায়তা করেন ৫ গোলে। তার ৯ গোলের অবদান এই মাসে গোটা লিগে সর্বোচ্চ।

সবশেষ টানা ৮ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করেছেন সলিভান। মেজর লিগ সকারের ইতিহাসে আর কোনো টিনএজ ফুটবলারের এই কীর্তি নেই।

চলতি মৌসুমে এখনও পর্যন্ত সলিভান গোল করেছেন ৭টি, অ্যাসিস্ট ১২টি। তার এই ১৯টি গোলে অবদান এক মৌসুমে কোনো টিনএজ ফুটবলারের দ্বিতীয় সর্বোচ্চ।

সলিভান ও তার ভাইরা বাংলাদেশের ফুটবলে দারুণ পরিচিত এদেশের সঙ্গে তাদের সংযোগের কারণে। তাদের নানী যুক্তরাষ্ট্রপ্রবাসি বাংলাদেশী সুলতানা আলম, যিনি মুক্তিযুদ্ধে রেখেছিলেন উল্লেখযোগ্য ভুমিকা।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন মনে করা হয় ক্যাভিন সলিভানকে। মেজর লীগ সকারের ইতিহাসে সবচেয়ে দামী স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি ২০২৪ সালে। ১৪ বছর ২৯৩ দিন বয়সে মেজর লিগ সকারে মাঠে নেমে গড়েন রেকর্ড। আমেরিকা বা কানাডার কোনো প্রধান পেশাদার ক্রীড়া লীগে অভিষিক্ত সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। বয়স ১৮ হলে যোগ দেবেন তিনি ম্যানচেস্টার সিটিতে। গত বছর ফিলাডেলফিয়ার সাপোর্টার্স শিল্ড জয়ে বড় অবদান ছিল এই মিডফিল্ডারের।

মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে তিনিই প্রথম, যিনি এমএলএস প্লেয়ার পাথওয়ের মাধ্যমে এমএলএস নেক্সট লীগ থেকে এমএলএস নেক্সট প্রো, তারপর প্রথম দলে উন্নীত হন এবং এরপর এমএলএস ‘প্লেয়ার অফ দা মান্থ’ সম্মাননা অর্জন করলেন।

ক্লাবের হয়ে তার দুর্দান্ত ফর্মের পথ ধরে সম্প্রতি তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পান। পেরুর বিপক্ষে ৪-১ গোলের জয়ে তার অভিষেক হয়। যুক্তরাষ্ট্রের হয়ে শুরুর একাদশে জায়গা পাওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি। পরে চিলির বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচেও মাঠে নামেন।

ক্যাভিনের বড় ভাই ২২ বছর বয়সী কুইন সলিভান ফিলাডেলফিয়ার হয়েই খেলছেন ২০২১ সাল থেকে। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলছেন তিনিও।

তাদের অন্য দুই ভাই রোনান ও ডেক্লান সলিভান জাতীয় দলে খেলতে চান বাংলাদেশের হয়ে। গত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করে নজর কাড়েন রোনান।