২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শেষটা জয়ে রাঙিয়ে আর্সেনাল কোচের মিশ্র অনুভূতি

লিগ টেবিলে দুইয়ে ফিরতে পেরে খুশি মিকেল আর্তেতা, এবার লক্ষ্য শীর্ষে ওঠার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 05:44 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

ইপ্সউইচ টাউনের বিপক্ষে সাদামাটা শুরুর পর আধিপত্য করেছে আর্সেনাল। আক্রমণে একচেটিয়া প্রভাব বিস্তার করেও একটির বেশি গোল করতে পারেনি তারা। তাই জয় দিয়ে বছর শেষ করতে পারার সন্তুষ্টি থাকলেও, ফিনিশিংয়ের দুর্বলতায় পুরোপুরি খুশি হতে পারছেন না দলটির কোচ মিকেল আর্তেতা।

প্রিমিয়ার লিগে শুক্রবার অবনমন অঞ্চলের দলের বিপক্ষে আর্সেনাল প্রথম গোলের জন্য শট নিতে পারে ১৯তম মিনিটে। সেটা ব্যর্থ হলেও, চার মিনিট পর কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

পুরো ম্যাচে ৬৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ১৩টি শট নেয় আর্সেনাল। ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস ও অধিনায়ক মার্টিন ওডেগোর সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। 

ঘর সামলানোয় ব্যস্ত সময় পার করা ইপ্সউইচ তিনটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। কিন্তু নিজেদের ফিনিশিংয়ের দুর্বলতায় আর্সেনাল পারেনি শেষের আগে ফল নিয়ে অনিশ্চয়তা শেষ করে দিতে।

ম্যাচের পর আর্তেতার কণ্ঠে ঝরল সেই অসন্তোষ।

“জাল অক্ষত রেখে এবং ম্যাচের বেশিরভাগ সময় আধিপত্য ধরে রেখে জয় পাওয়ায় খুব খুশি। আমাদের আরও বেশি গোল করা উচিত ছিল, তবে দল পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে, আবারও আমরা গোল হজম করিনি।”

টানা দুই জয়ে এবং অন্য ম্যাচের ফল পক্ষে আসায় লিগ টেবিলে দুইয়ে উঠেছে আর্সেনাল। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। ৩৫ পয়েন্ট নিয়ে নিতে নেমে গেছে চেলসি। অবশ্য শীর্ষে থাকা লিভারপুল তাদের চেয়ে অনেকটা এগিয়ে; এক ম্যাচ কম খেলে আর্না স্লটের দলের পয়েন্ট ৪২।

আর্তেতার কণ্ঠে এখানেও তাই মিশে রইল ভালো-খারাপের মিশ্র অনুভূতি।

“এই মৌসুমের সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে, যতটা সময় আমাদের ১০ জন নিয়ে খেলতে হয়েছে, যত চোট সমস্যা আঘাত হেনেছে, এতকিছুর পরও আমরা (টেবিলে) যেখানে আছি সেটা ভালো ব্যাপার। কিন্তু এই জায়গায় আমরা থাকতে চাই না। আমরা শীর্ষে থাকতে চাই।” 

আর্সেনালের আক্রমণভাগে সৃজনশীল ফরোয়ার্ড বুকায়ো সাকার অনুপস্থিতি এদিনও বেশ স্পষ্ট হয়ে উঠেছে। অবশ্য সামনেও অনেক দিন তাকে ছাড়াই খেলতে হবে তাদের। হ্যামিস্ট্রিং চোটে ভোগা ইংলিশ উইঙ্গারের অস্ত্রোপচার করা হয়েছে।

সাকার সেরে উঠতে দুই মাসের বেশি লাগবে বলে নিশ্চিত করেছেন আর্তেতা। তার মাঠের বাইরে থাকার সময় দীর্ঘ হতে পারে আরও।