মাঝবিরতিতে কোচের কথাই বদলে দেয় বার্সেলোনাকে
অনেকটা সময় পর্যন্ত ম্যাচ ছিল ২-২ সমতায়, শেষ পর্যন্ত সেই ম্যাচ ৭-২ গোলে জেতে বার্সেলোনা।
দুই অর্ধে যেন দুটি আলাদা ম্যাচ। দুই অর্ধে বার্সেলোনার দুই রূপ। প্রথমার্ধে যে ম্যাচে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, দ্বিতীয়ার্ধে সেটিই হয়ে উঠল এক তরফা। বার্সেলোনার গোলের জোয়ারে স্রেফ ভেসে গেল নিউক্যাসল। ম্যাচের পর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক নিজেই জানালেন, বিরতির সময়ের কথোপকথন অনুসরণ করেই দ্বিতীয়ার্ধে বদলে গেছে তার দল।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচটিতে বুধবার প্রথমার্ধে বার্সেলোনা দুই দফায় এগিয়ে গেলেও দুবারই সমতা ফেরায় নিউক্যাসল ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে বার্সেলোনার প্রবল দাপটের সামনে ইংলিশ ক্লাব হালে পানিই পায়নি। বিরতির আগে ও পরে মিলিয়ে ২৭ মিনিটের মধ্যেই ৫ গোল হজম করে স্রেফ বিধ্বস্ত হয় তারা। বার্সেলোনা ম্যাচ জিতে নেয় ৭-২ গোলে।
রাফিনিয়া ও রবের্ত লেভানদোভস্কি গোল করেন দুটি করে। একটি করে গোল করেন মার্ক বের্নাল, ফের্মিন লোপেস ও লামিনে ইয়ামাল।
প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। দুই লেগ মিলিয়ে বার্সেলোনার জয় ৮-৩ গোলে।
ম্যাচের পর কোচ ফ্লিক বললেন, মাঝবিরতির আলোচনা কাজে লাগিয়েছে তার দল।
“বিরতির সময় আমরা যা বলেছিলাম, খেলোয়াড়রা ঠিক তা-ই করেছে এবং এটা সবসময়ই দারুণ ব্যাপার, যখন ফুটবলাররা আমাদের পরিকল্পনা অনুযায়ী পরিবর্তন আনে।”
সেই আলোচনার বিস্তারিত খোলাসা করেননি ফ্লিক। তবে কৌশলগত দিক থেকে তাদের পরিবর্তনটা ছিল বলের নিয়ন্ত্রণ বেশি রাখার দিকে। তরুণ দল এত দ্রুত উন্নতি করছে দেখেও উচ্ছ্বসিত কোচ।
“প্রথমার্ধে খেলাটা ছিল অনেক উত্থান-পতনের এবং বেশ কঠিন। আমরা অনেকবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছি। নিউক্যাসলের মতো একটি দল, যাদের খেলোয়াড়রা বেশ দ্রুতগতির, তারা দুর্দান্ত আক্রমণ-পাল্টা আক্রমণ করেছে। তাদের সামনে রক্ষণ সামলানো সহজ ছিল না।"
“দ্বিতীয়ার্ধে আমরা বলেছিলাম যে, খেলাটা আরও বেশি নিয়ন্ত্রণ করতে হবে আমাদের। তাদেরকে আরও গভীরে ঠেলে দিয়ে নিজেদের খেলাটা খেলার চেষ্টা করতে হবে। আমার মনে হয়, দ্বিতীয়ার্ধে এটা বেশ ভালোভাবে কাজ করেছে। এটা দেখতে ভালো লেগেছে। দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের আত্মবিশ্বাসও দেখতে ভালো লেগেছে। আমাদের দলটি খুবই তরুণ এবং তারা যেভাবে উন্নতি করছে, দেখতে দারুণ লাগছে।”
নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে কোচের পরামর্শের কথা আলাদা করে বললেন দলের দ্বিতীয় গোল করা বের্নালও।
“তিনি আমাদেরকে বলেছিলেন, প্রতিপক্ষের চাপের সামনে আমাদেরকে আরও নিয়ন্ত্রণ রাখতে হবে। তারা আমাদের সীমানায় বারবার হানা দিচ্ছিল। আমাদের জন্য জরুরি ছিল তাদের ফাঁকা জায়গাগুলো লুফে নিয়ে কাজে লাগানো ও গোল করা। আমার মনে হয়, আমরা তা ভালোভাবে পেরেছি।”
টানা তিন ম্যাচে গোল না পাওয়ার হতাশা পেছনে ফেলে এই ম্যাচে পাঁচ মিনিটের মধ্যে দুটি গোল করেন লেভানদোভস্কি। তিন ম্যাচ গোল না পাওয়া বড় কোনো ব্যাপার না হলেও টুকটাক কথা উঠতে শুরু করেছিল। ফরোয়ার্ডদের নিয়ে সবসময় কাটাছেঁড়া চলবেই, এই বাস্তবতা তুলে ধরে লেভানদোভস্কিকে স্তুতিতে ভাসালেন ফ্লিক।
“আমাদের স্ট্রাইকারদের জন্য পরিস্থিতি খুব সহজ নয়, সেটা লেভি হোক বা ফেররান (তরেস)… কারণ, তাদেরকে সবসময়ই বিবেচনা করা হয় গোল দিয়ে। স্ট্রাইকারদের জন্য এটি স্বাভাবিক।”
“লেভির জন্য আমি খুবই খুশি, কারণ সে আজকে দুটি গোল করেছে। এই ধরনের ম্যাচগুলিতে সে অবিশ্বাস্য। সেরা ফুটবলারদের একজন সে, বক্সের ভেতর সে-ই সেরা।”
