০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বদলে গেল ১৯৫টি স্টেডিয়াম-স্থাপনার নাম

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স ও ক্যাপ্টেন এম মনুসর আলি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম- এই তিন স্থাপনার নাম আপাতত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বদলে গেল ১৯৫টি স্টেডিয়াম-স্থাপনার নাম
এনএসসি ভবন। ছবি: এনএসিসির ওয়েবসাইট

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 09:13 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

কিছু স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনার নাম জাতীয় ক্রীড়া মন্ত্রণালয় করেছিল আগে। কিছু করা হয়েছে সম্প্রতি। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ১৯৫টি স্টেডিয়াম ও ক্রীড়া সংস্থার নাম পরিবর্তনের কথা জানিয়েছে তারা।

জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মো. আমিনুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স ও ক্যাপ্টেন এম মনুসর আলি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম- এই তিন স্থাপনার নাম আপাতত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হওয়ার বিষয়টিও।

গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত যে স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলোর বেশিরভাগই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং তার দলের সদস্যদের নামে ছিল। 

সারা দেশে শেখ রাসেলের নামে যে মিনি স্টেডিয়ামগুলো করা হয়েছিল, সেগুলোর নাম পরিবর্তন করে সেখানকার উপজেলার নামে রাখা হয়েছে। উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, যার নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

এছাড়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম’। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে ‘রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম’। 

রংপুরের শেখ কামাল সুইমিং পুলের নাম রাখা হয়েছে অগাস্টের আন্দোলনে প্রাণ হারানো শহীদ আবু সাইদের নামে। কক্সবাজারে শেখ কামালের ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম।

এছাড়া ফতুল্লা স্টেডিয়াম ও সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়েছে জুলাই আন্দোলনের শহীদ রিয়া গোপের নামে।