২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

বিশ্বকাপ বাছাইয়ে আসছে দুই ম্যাচের দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 11:15 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে আসছে দুই ম্যাচের দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাস।

ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য বুধবার ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

গত কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে পাওয়া চোটের কারণে সেপ্টেম্বরে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দলে ছিলেন না মেসি। চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতলেও, কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় বিশচাম্পিয়নরা। 

রেয়াল মাদ্রিদের যুব দল হয়ে গত মৌসুমে মূল দলে খেলেন পাস। সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে গত অগাস্টে ইতালিয়ান ক্লাব কমোতে যোগ দেন ২০ বছর বয়সী এই ফুটবলার। সেরি আর দলটির হয়ে প্রথম পাঁচ ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেন তিনি।

আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার পাবলো পাসের ছেলে নিকো পাস ২০২২ সালের মার্চেও একবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন।

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য শুরুতে দলে ডাক পেলেও, পরে বাদ পড়েন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো ও লিওনার্দো বেলার্দি। দুজনই আছেন এই মাসের দুই ম্যাচের দলে। আরও ফিরেছেন মিডফিল্ডার এসেকিয়েল পালাসিওস।

গত মাসের দল থেকে এবার নেই ফরোয়ার্ড মাতিয়াস সুলে, ভালেন্তিন কাস্তেয়ানোস, গিলানো সিমেওনে, মিডফিল্ডার ভালেন্তিন বার্কো, এসেকিয়েল ফের্নান্দেস ও গিদো রদ্রিগেস। 

‘আপত্তিকর’ আচরণ এবং ‘ফেয়ার প্লের মৌলিক নীতি’ ভঙ্গের দায়ে গত শুক্রবার ফিফার দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় স্বাভাবিকভাবে দলে নেই নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তার অনুপস্থিতিতে চতুর্থ কোনো গোলরক্ষক দলে ডাকেননি স্কালোনি। জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও ওয়াল্তার বেনিতেসের ওপরই আস্থা রেখেছেন তিনি।

আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। ১৫ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ছয়ে, ৯ পয়েন্ট নিয়ে বলিভিয়া আটে আছে।

ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: ওয়াল্তার বেনিতেস (পিএসভি আইন্দহোভেন), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ)

ডিফেন্ডার: গনসালো মনতিয়েল (সেভিয়া), নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), হেরমান পেস্সেইয়া (রিভার প্লেট), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (রোমা), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), এনসো ফের্নান্দেস (চেলসি), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), তিয়াগো আলমাদা (বোটাফোগো)

ফরোয়ার্ড: নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকো পাস (কমো), ভালেন্তিন কারবোনি (অলিম্পিক মার্সেই), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), লিওনেল মেসি (ইন্টার মিলান), পাওলো দিবালা (রোমা)