১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লুক্সেমবার্গকে হারিয়ে স্লোভাকিয়া ম্যাচের অপেক্ষায় জার্মানি

গ্রুপের আরেক ম্যাচে স্লোভাকিয়াও জয় পাওয়ায়, তাদের বিপক্ষে জার্মানদের শেষ রাউন্ডের লড়াইয়ে নির্ধারিত হবে কারা সরাসরি যাবে বিশ্বকাপে।

লুক্সেমবার্গকে হারিয়ে স্লোভাকিয়া ম্যাচের অপেক্ষায় জার্মানি
জাতীয় দলের হয়ে প্রথমবার ম্যাচে জোড়া গোল করে জার্মানির জয়ের নায়ক নিক ভল্টামাডা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 04:40 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

গ্রুপের সবচেয়ে দুর্বল ও পয়েন্ট টেবিলের তলানির দল লুক্সেমবার্গ বেশ উজ্জীবিত ফুটবল খেলল। তাদের প্রতিরোধের মুখে দলকে পথ দেখালেন নিক ভল্টামাডা। তার জোড়া গোলে জিতে সরাসরি বিশ্বকাপে খেলার আশায় থাকল জার্মানি।   

প্রতিপক্ষের মাঠে শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

স্লোভাকিয়ার বিপক্ষে হেরে বাছাই শুরুর পর, এই নিয়ে টানা চার ম্যাচ জিতল জার্মানি। ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে তারা।

একই সময়ে শুরু আরেক ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ সময়ের গোলে ১-০ ব্যবধানে জিতেছে স্লোভাকিয়া। তাদের পয়েন্টও ১২।

আগামী সোমবার মুখোমুখি হবে জার্মানি ও স্লোভাকিয়া। ওই ম্যাচের বিজয়ীরাই পাবে সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট।

আর স্লোভাকিয়ার কাছে হেরে বাছাইয়ের প্লে-অফে খেলার আশাও শেষ হয়ে গেল নর্দার্ন আয়ারল্যান্ডের। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।

অষ্টম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের প্রথম পরীক্ষা নেয় জার্মানি। ফ্লোহিয়ান ভিয়েৎসের শট ঝাঁপিয়ে ফেরান মরিস। দুই মিনিট পর স্বাগতিকরাও ভালো সুযোগ তৈরি করে; তবে গোলমুখে জিনানির ফ্লিক দূরের পোস্টের বাইরে দিয়ে যায়। 

প্রথম চার রাউন্ডেই পরাজিত লুক্সেমবার্গকে বেশ আত্মবিশ্ববাসী দেখাচ্ছিল। প্রথম ২০ মিনিটে আরও তিনটি শট নেয় তারা এবং তাদের লক্ষ্যে প্রথম শটটি ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন অলিভার বাউমান।

বিরতির আগে টানা আক্রমণ করা জার্মানি দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায়। ডান দিক থেকে লেরয় সানের দারুণ পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে, স্লাইড শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভল্টামাডা।

গত রাউন্ডে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচেও ব্যবধান গড়ে দিয়েছিলেন তিনি।

পিছিয়ে পড়লেও লুক্সেমবার্গের আত্মবিশ্বাস অবশ্য নড়ে যায়নি। দুই মিনিটের মধ্যে সমতায় ফিরতে পারতো তারা; কিন্তু তরুণ ফরোয়ার্ড আইমানের শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৬৯তম মিনিটে ব্যবধান বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে ভল্টামাডা। বাকুর ডি-বক্সে ছোট করে বাড়ানো থ্রু বল প্রথম ছোঁয়ায় শটে গোলরক্ষককে পরাস্ত করেন নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড।

জাতীয় দলের হয়ে এই প্রথম ম্যাচে জোড়া গোল করলেন ভল্টামাডা। আন্তর্জাতিক ফুটবলে সাত ম্যাচে তার গোল হলো তিনটি।

হ্যাটট্রিক পূরণের তেমন কোনো সুযোগ আর তৈরি করতে পারেননি ভল্টামাডা। ৭৮তম মিনিটে ব্যবধান অবশ্য বাড়তে পারতো; তবে সানের শট ক্রসবারে বাধা পায়।

পোল্যান্ডের মাঠে ড্র করে বিশ্বকাপের দুয়ারে নেদারল্যান্ডস

ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের টিকেট কাটল ক্রোয়েশিয়া