Published : 15 Nov 2025, 04:27 AM
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা দারুণভাবে সামলে উঠল ক্রোয়েশিয়া। ফারো আইল্যান্ডসের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে বাকিটা সময় দাপট দেখিয়েই তুলে নিল জয়। সেই সঙ্গে নিশ্চিত করল বিশ্বকাপে খেলার টিকেট।
ঘরের মাঠে শুক্রবার রাতে বাছাইপর্বের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে ক্রোয়াটরা।
ম্যাচের ষোড়শ মিনিটে ডেভিডের গোলে পিছিয়ে পড়ার সাত মিনিট পর সমতা টানেন ইয়োশকো ভার্দিওল।
এরপর ৫৭তম মিনিটে পেতার মুসার লক্ষ্যভেদে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আর ৭০তম মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে জিতে সরাসরি বিশ্বকাপে ওঠার আনন্দে মাঠ ছাড়ে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা।
এবারের বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত ক্রোয়েশিয়া সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে মূল পর্ব নিশ্চিত করল। ১৯ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন তারা।
১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে চেক রিপাবলিক। তারা খেলবে প্লে-অফ।
পোল্যান্ডের মাঠে ড্র করে বিশ্বকাপের দুয়ারে নেদারল্যান্ডস
লুক্সেমবার্গকে হারিয়ে স্লোভাকিয়া ম্যাচের অপেক্ষায় রইল জার্মানি