বিশ্বকাপ বাছাই
Published : 15 Nov 2025, 03:47 AM
প্রথমার্ধে গোল হজমের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল নেদারল্যান্ডস। পোল্যান্ডের বিপক্ষে মূল্যবান পয়েন্ট তুলে নিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পাওয়ার আরও কাছে পৌঁছে গেল রোনাল্ড কুমানের দল।
পোল্যান্ডের মাঠে শুক্রবার রাতে বাছাইপর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কামিনস্কি স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মেমফিস ডিপাই।
সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড।
গ্রুপের বাকি তিন দল ফিনল্যান্ড (১০ পয়েন্ট), মাল্টা (৫ পয়েন্ট) ও লিথুয়ানিয়ার (৩ পয়েন্ট) বিদায় নিশ্চিত হয়ে গেছে।
বাছাইয়ের শেষ রাউন্ডে আগামী সোমবার ঘরের মাঠে লিথুয়ানিয়ার বিপক্ষে ড্র করলেই মূল পর্বের টিকেট নিশ্চিত হয়ে যাবে ডাচদের। এমনকি হারলেও সুযোগ থাকবে তাদের, কেননা পোল্যান্ডের (৬) চেয়ে গোল ব্যবধানে অনেক এগিয়ে আছে ডাচরা (১৯)।
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলবে বিশ্বকাপে, রানার্সআপকে পেরিয়ে আসতে হবে প্লে-অফের বাধা।
বল দখলে পিছিয়ে থাকলেও প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল পোল্যান্ড। এই সময়ে তারা গোলের জন্য ৫টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে পারে এবং দ্বিতীয়টিতে পায় গোলের দেখা।
৪৩তম মিনিটে মাঝমাঠে রবের্ত লেভানদোভস্কিকে পাস দিয়ে এগিয়ে যান কামিনস্কি। সতীর্থের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২৩ বছর বয়সী উইঙ্গার।
নেদারল্যান্ডস প্রথমার্ধে গোলের জন্য ২টি শট নিতে পারলেও তা ছিল লক্ষ্যভ্রষ্ট। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে সফরকারীরা।
৪৭তম মিনিটে সমতায় ফেরে নেদারল্যান্ডস। কোডি হাকপোর ক্রসে দূরের পোস্টে ডোনিয়েল মালেনের হেড গোলরক্ষক ঠেকানোর পর, কাছ থেকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে জালে পাঠান মেমফিস।
নেদারল্যান্ডসের রেকর্ড স্কোরারের আন্তর্জাতিক ফুটবলে গোল হলো ৫৫টি।
বাকি সময়ে কিছু সুযোগ পায় দুই দলই, কিন্তু ব্যবধান গড়ে দিতে পারেনি কেউ।
লুক্সেমবার্গকে হারিয়ে স্লোভাকিয়া ম্যাচের অপেক্ষায় রইল জার্মানি