Published : 21 Oct 2025, 05:16 PM
সাম্প্রতিক সময়টা নানা কারণে ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। বাংলাদেশ ফুটবল লিগে এখনও চেনা দাপট দেখাতে পারেনি দলটি। কদিন আগে বেতন না পাওয়ায় দল ছেড়ে গেছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান, তাতে ক্লাবটিকে ঘিরে শুরু হয়েছে নেতিবাচক আলোচনা। এমন প্রতিকূল আবহের মধ্যে দারুণ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে যাচ্ছে কিংস।
রক্ষণে দীর্ঘদিনের নির্ভরতা তারিককে হারানোর পর, দলের শক্তি বাড়াতে ফর্টিস এফসির দুই গাম্বিয়ান পা ওমর বাবু ও ইসা জেল্লো এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড অনিয়েকাচি ওকাফোরকে দলে এনেছে কিংস। কুয়েতের পথে রওনা দেওয়ার আগে দলটির আর্জেন্টাইন কোচ মারিও গোমেস জানিয়েছেন পরিশ্রমের ফল পাওয়ার আশাবাদ।
“আমার ছেলেরা গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছে এই টুর্নামেন্টের জন্য। মাঠে যদি ওদের সেরাটা দিতে পারে, তাহলে দারুণ কিছু ঘটবে বলে আমার বিশ্বাস।”
আগামী শনিবার আল-সাইবের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শুরু করবে কিংস। ‘বি’ গ্রুপে ২৮ অক্টোবর আল-আনসার ও ৩১ অক্টোবর আল-কুয়েতের মুখোমুখি হবে তারা।
চলতি লিগে বসুন্ধরা কিংসের শুরুটা আশানুরূপ হয়নি। পিডাব্লিউডির বিপক্ষে ড্র দিয়ে লিগ শুরুর পর, সোমবার তারা ফর্টিসের বিপক্ষে পায় ২-১ গোলের স্বস্তির জয়।
দেশের ফুটবলে গত কয়েক মৌসুম দাপট দেখালেও এশিয়ার আঙিনায় নিজেদের মেলে ধরতে পারেনি কিংস। কোনোবারই চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব পার হতে পারেনি পাঁচবারের ঘরোয়া লিগ চ্যাম্পিয়নরা। অধিনায়ক তপু বর্মন বললেন, প্রতিটি ম্যাচেই তারা নামবেন অভিন্ন লক্ষ্য নিয়ে।
“প্রতিপক্ষ যত কঠিনই হোক, দল জয়ের জন্যই খেলবে প্রতিটি ম্যাচে।”