২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিকে এখন আর ভয় পায় না প্রতিপক্ষ, গুয়ার্দিওলার উপলব্ধি

ম্যানচেস্টার সিটি কোচের মতে, সিটি বিপক্ষে খেলার কৌশলে পরিবর্তন এনেছে দলগুলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

যেকোনো ক্লাবের জন্য ম্যানচেস্টার সিটি কঠিন এক প্রতিপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে ছন্দহীনতায় ভুগছে ইংলিশ ক্লাবটি। আর তাই তাদেরকে এখন আর কেউ ভয় পায় না বলে মনে করছেন কোচ পেপ গুয়ার্দিওলা। তার মতে, সিটি বিপক্ষে খেলার কৌশলে পরিবর্তন এনেছে দলগুলো। 

গুয়ার্দিওলার মনে হচ্ছে, সিটির বিপক্ষে মাঠে নামলে ম্যান-মার্কিং করে খেলছে প্রতিপক্ষ। আর এই কারণে চ্যাম্পিয়ন্স লিগ তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়েছে।

চলতি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব থেকেই বাদ পড়ায় শঙ্কায় রয়েছে ২০২৩ সালের শিরোপাজয়ীরা। ৩৬ দলের নতুন আঙ্গিকের ইউরোপ সেরার প্রতিযোগিতায় ২৫ নম্বরে আছে তারা। প্লে-অফের লড়াইয়ে জায়গা করে নেওয়া থেকে ২ পয়েন্ট পিছিয়ে।

প্রাথমিক পর্বের শীর্ষ ৮ দল সরাসরি যাবে শেষ ষোলোয়। ৯ থেকে ২৪ নম্বর দল খেলবে দুই লেগের প্লে-অফে।

প্রিমিয়ার লিগে শনিবার চেলসির মুখোমুখি হবে সিটি। আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের নতুন কৌশল নিয়ে কথা বলেন তিনি।

“সব দল ইতিহাদ স্টেডিয়ামে এলে রক্ষণ জমাট রেখে খেলে। কার্ডিফে নিল ওয়ারনকের দলকে প্রথম দেখেছিলেন ম্যান-মার্কিং করে খেলতে। এখন সবাই এটা করে। তারা (প্রতিপক্ষ) শুধু (সিটির গোলরক্ষক) এদেরসন বা স্তেফানের (ওর্তেগা) ওপর ঝাঁপিয়ে পড়ে। এসবের সঙ্গে মানিয়ে নিতে হবে, বল পায়ে আরও ভালো হতে হবে। অন্যথায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন না।”

“গতি গুরুত্বপূর্ণ, কিন্তু পিএসজির বিপক্ষে আমরা তাদের চেয়ে বেশি দৌড়েছি। আমাদের সমস্যা বল পায়ে। চলতি মৌসুমে আমাদের এই জায়গায়ই ঘাটতি। যখন বল পায়ে থাকে, সতীর্থকে ঠিকভাবে পাস করতে না পারলে সবকিছুই কঠিন হয়ে পড়ে।”

টানা চারবার লিগ জেতা সিটি এবারের মৌসুমে সেখানেও ধুঁকছে। ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।