১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

মিশর ম্যাচে ইসলামবিদ্বেষী স্লোগান: স্পেনকে ফিফার শাস্তি

মোটা অঙ্কের জরিমানা করার পাশাপাশি স্পেনের ঘরের মাঠে পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একাংশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মিশর ম্যাচে ইসলামবিদ্বেষী স্লোগান: স্পেনকে ফিফার শাস্তি

স্পেন ও মিশরের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বড় পর্দায় বৈষম্যবিরোধী বার্তা প্রদর্শন করা হয়। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 08:14 PM

Updated : 16 Oct 2026, 08:13 PM

চলতি বছরের মার্চে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচের সময় স্পেনের সমর্থকরা দুইবার ইসলামবিদ্বেষী স্লোগান দেওয়ায় দেশটির ফুটবল ফেডারেশনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। একই সঙ্গে ঘরের মাঠে তাদের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একাংশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্সেলোনার কাছে অবস্থিত আরসিডিই স্টেডিয়ামে ঘটা ওই ঘটনার প্রেক্ষিতে ফিফা শুক্রবার এই শাস্তির কথা জানিয়েছে।

লা লিগার ক্লাব এস্পানিওলের ঘরের মাঠ হিসেবে পরিচিত এই স্টেডিয়ামে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ওই ম্যাচ চলাকালীন স্পেনের কিছু সমর্থক স্লোগান দেয়, ‘যে লাফ দেয় না, সে মুসলিম।’

দ্বিতীয়বার এই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক সতর্কবার্তা দেন এবং স্টেডিয়ামের পর্দায় বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে একটি বার্তা প্রদর্শন করা হয়।

স্পেনের উইঙ্গার লামিন ইয়ামাল, যিনি নিজেও একজন মুসলিম, সেই সময় এই স্লোগানগুলোর তীব্র নিন্দা জানান। এগুলোকে অসম্মানজনক ও অসহনীয় বলে অভিহিত করার পাশাপাশি যারা এর সঙ্গে জড়িত, তাদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ বলে মন্তব্য করেন বার্সেলোনার এই তারকা।

ঘটনার পরের দিনই স্প্যানিশ পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করে।

স্প্যানিশ ফেডারেশন যুক্তি দেয় যে, মুসলিম শব্দটি ‘অপমানজনক বা অবমাননাকর নয়।’ তাদের মতে, সমর্থকদের এই আচরণকে ফিফার ১৫ নম্বর অনুচ্ছেদের (যা বৈষম্য ও বর্ণবাদী আচরণের সঙ্গে সম্পর্কিত) আওতায় না এনে ১৭ নম্বর অনুচ্ছেদের আওতায় বিবেচনা করা উচিত, যেখানে রাজনৈতিক, আদর্শগত, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি ওই যুক্তি প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, ১৫ নম্বর অনুচ্ছেদের অধীনে শাস্তির জন্য কোনো আপত্তিকর শব্দ সরাসরি ব্যবহারের প্রয়োজন নেই; বরং কোনো শব্দ যদি নির্দিষ্ট প্রেক্ষাপটে ‘অপমান, উপহাস বা কাউকে নিকৃষ্ট হিসেবে চিহ্নিত করার’ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তবে তা বৈষম্যমূলক বলে গণ্য হতে পারে।

জরিমানা দেওয়ার পাশাপাশি স্পেনকে ঘরের মাঠে তাদের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন খালি রেখে খেলতে হবে।