২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে আয়োজনের খবর উড়িয়ে দিল ফিফা
মরক্কোর পাশাপাশি ফাইনাল আয়োজনে আগ্রহী অন্য দুই আয়োজক দেশ স্পেন ও পর্তুগালও।
২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে আয়োজিত হবে বলে যে দাবি করেছে দেশটির ফুটবল ফেডারেশন, তা নাকচ করে দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি জানিয়েছে, এই সিদ্ধান্ত এখনও হয়নি।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপ আয়োজন করবে আফ্রিকার কোনো দল। তবে তারা আয়োজক নয়। স্পেন ও পর্তুগাল; প্রতিষ্ঠিত দুই ইউরোপিয়ান দেশও থাকছে সহ-স্বাগতিক হিসেবে এবং ফাইনাল আয়োজনে মুখিয়ে থাকবে তারাও।
ফিফা বৃহস্পতিবার একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হবে ‘যথাসময়ে।’
রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের প্রধান ফুজি লেকজা বৃহস্পতিবার একটি রাজনৈতিক সমাবেশে সমবেতদের এমনটি বলেছেন বলে জানা গেছে যে, তাদের দেশ ফাইনাল আয়োজনের দায়িত্ব এর মধ্যেই পেয়ে গেছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের অনুবাদ অনুসারে, লেকজা বলেন, ‘বেনস্লিমান শহর আয়োজন করবে বিশ্বকাপ ফাইনাল। কারও এটা ভালো লাগুক বা না লাগুক, এবং এর ওপরে যদি কেউ কথা বলতে চায়, তো বলতে থাকুক। শহরটি হলো বেনস্লিমান, ভেন্যু হলো হাসান টু স্টেডিয়াম এবং আমি আশা করি, মরক্কো সেই ম্যাচ খেলবে।”
লেকজার উল্লেখ করা স্টেডিয়ামটি কাসাব্লাঙ্কা শহরের অদূরে নির্মাণাধীন রয়েছে। ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম।
২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে আয়োজন করা নিয়ে তোলপাড় এই প্রথম নয়। গত কিছুদিন ধরে তুমুল সমালোচনার মধ্যে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী বছর পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাজনৈতিক সমর্থনের বিনিময়ে মরক্কোকে ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল ব্রিটিশ গণমাধ্যমে। ফিফা অবশ্য পরে সেই খবর অস্বীকার করে বিবৃতি দেয়।
