‘স্পষ্ট ভিশন দরকার আমাদের’, টার্ফ উদ্বোধন অনুষ্ঠানে বললেন ক্রীড়া উপদেষ্টা
ফিফার ৩০ কোটি টাকার ফান্ড ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ফিফা ফরোয়ার্ড প্রজেক্টের আওতায় কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনের পাশে টার্ফ উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে প্রক্রিয়ার মধ্যে থাকা টেকনিক্যাল সেন্টার নিয়েও কথা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ‘স্পষ্ট ভিশন’ থাকার প্রয়োজনীয়তা অনুভব করার কথা বলেছেন তিনি।
প্রায় তিন বছর আগে কক্সবাজারের রামু উপজেলায় ‘সেন্টার ফর এক্সিলেন্স’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এজন্য খুনিয়াপালংয়ে এলাকায় জায়গাও পাওয়া যায়। কিন্তু এলাকাটি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ায় একই জেলার রশিদনগরে পরে জমি বরাদ্দ দেওয়া হয় বাফুফেকে। প্রকল্পটি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়।
এই টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রায় ৩০ কোটি টাকা পাবে বাফুফে। কিন্তু শর্ত হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে। তা না হলে বরাদ্দ ফেরত যাবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফান্ড ফেরত যাওয়া আশঙ্কা দেখছেন না।
“এটা এখন ভূমি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। আশা করি, ফান্ড আমাদের এখান থেকে যাওয়ার মতো অবস্থা হবে না। এর মধ্যেই আমরা বাফুফে ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিষয়টি নিশ্চিত করতে পারব।”
“আমাদের খেলাধুলায় আসলে কোনো ভিশন নেই। আমরা গাধার মতো একদিকে যেতে থাকি, যেদিকে চোখ যায়। আমাদের এখন একটা স্পষ্ট ভিশন সেট করা দরকার—আগামী ১০ বছরে আমরা কী অর্জন করতে চাই, সেটা।”
