১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এবারই নিজের ‘শেষ সুযোগ’ দেখছেন সাউথগেট

এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হলে ইংল্যান্ডের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বসবেন গ্যারেথ সাউথগেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:32 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

আরেকটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সামনে রেখে গ্যারেথ সাউথগেট তাকালেন পেছন ফিরে। সেখানে বড় কোনো অর্জন নেই; বরং আছে বারবার সম্ভাবনা জাগিয়ে ব্যর্থতার চোরাবালিতে তলিয়ে যাওয়ার গল্প। ইংল্যান্ড কোচ তাই ইউরোর এবারের আসরকে দেখছেন নিজের ‘শেষ সুযোগ’ হিসেবে।

জার্মানিতে আগামী শুক্রবার শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। আজও এই প্রতিযোগিতার শিরোপার স্বাদ না পাওয়া ইংল্যান্ড ‘সি’ গ্রুপে যাত্রা শুরু করবে ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপের অন্য দুই দল স্লোভেনিয়া ও ডেনমার্ক।

ইউরোতে ২০২১ সালেই শিরোপার খুব কাছাকাছি এসেছিল ইংল্যান্ড। কিন্তু ফাইনালে ইতালির বিপক্ষে হেরে স্বপ্ন ভাঙে তাদের। ওই হতাশার আগে-পরে ২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনালে থামে ‘থ্রি লায়ন্স’ খ্যাত দলটির পথচলা, আর ২০২২ কাতার বিশ্বকাপে বিদায়ঘণ্টা বাজে কোয়ার্টার-ফাইনাল থেকে।

২০১৬ সালে ইংল্যান্ড দলের হাল ধরা সাউথগেট এই আট বছরে বারবার স্বপ্ন দেখিয়েও, দলকে এনে দিতে পারেননি চূড়ান্ত সাফল্য। এবারের ইউরোতেও তার দল ফেভারিটদের একটি। তবে এবার আর তার সামনে সাফল্য ছাড়া বিকল্প পথ খোলা নেই, জার্মান দৈনিক বিল্ডের সঙ্গে আলাপচারিতায় বলেন এই ইংলিশ কোচ।

“যদি এবারও আমরা না জিতি, তাহলে সম্ভবত আমি ইংল্যান্ডের ডাগআউটে আর থাকব না। তাই এটা হতে পারে আমাদের শেষ সুযোগ। আমার মনে হয়, এই টুর্নামেন্টের পর জাতীয় দলের প্রায় অর্ধেক কোচ বিদায় নিবে, এটাই আন্তর্জাতিক ফুটবল। আমি এই দায়িত্বে প্রায় আট বছর আছি…।”

ইংল্যান্ডের সঙ্গে সাউথগেটের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বরে। ২০২৪ ইউরোর পর তিনি দায়িত্বে থেকে যাওয়ার ব্যাপারে কখনই কোনো মন্তব্য করেননি। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডে এরিক টেন হাগের উত্তরসূরি হওয়ার গুঞ্জনেও তিনি চুপ ছিলেন।

এবার রাখঢাক না রেখেই নিজের ভবিষ্যৎ ভাবনা যেন জানিয়ে দিলেন সাউথগেট। ৫৩ বছর বয়সী এই কোচ মনে করেন, দলকে সাফল্যের চূড়ায় তোলার মধ্যেই নিহিত সবকিছু।

“আমি জানি, আপনি সবসময় মানুষকে বলতে পারবেন না, আরেকটু (অপেক্ষা) করুন। এক পর্যায়ে মানুষ আপনার ওপর বিশ্বাস হারাবে। যদি আমরা গ্রেট টিম হতে চাই এবং আমি যদি প্রথম শ্রেণির কোচ হতে চাই, তাহলে আমাদেরকে বড় মুহূর্ত এনে দিতে হবে।”