১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘প্রায় রাবোনা’ অ‍্যাসিস্টের গল্প শোনালেন ইয়ামাল

পায়ের দুর্দান্ত কারিকুরিতে অ‍্যান্থনি গর্ডনের গোলে অবদান রাখেন বার্সেলোনা ফরোয়ার্ড।

‘প্রায় রাবোনা’ অ‍্যাসিস্টের গল্প শোনালেন ইয়ামাল

দলের তৃতীয় গোলে অবদান রাখার পর ইয়ামালের উল্লাস। ছবি রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 05:12 PM

Updated : 14 Oct 2026, 05:12 PM

ছোট্ট এই ক‍্যারিয়ারে মাঠে কতই জাদুকরী মুহূর্ত উপহার দিয়েছেন লামিন ইয়ামাল। গতি আর পায়ের কারিকুরিতে জন্ম দিয়েছেন কত ঘোর লাগা মুহূর্ত। ওই দীর্ঘ তালিকায় যুক্ত হলো আরেকটি দুর্দান্ত অ‍্যাসিস্ট। ম‍্যাচ শেষে যেটির গল্প শোনালেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড।

গালাতাসারাইয়ের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা।

কোনো গোল পাননি ইয়ামাল, তবে দুটি চমৎকার অ‍্যাসিস্টে ঠিকই জয়ে ভূমিকা রেখেছেন তিনি।

অ‍্যান্থনি গর্ডনের করা বার্সেলোনার তৃতীয় গোল নিয়ে চর্চা হচ্ছে তুমুল। সেটি অবশ‍্য গোলের জন‍্য নয়, ইয়ামালের অসাধারণ অ‍্যাসিস্টের জন‍্য।

ডি বক্সের মাথা থেকে বাইলাইনে যাওয়ার সময়, ডান পায়ের রাবোনা শট বাম পায়ে ঠেকান ইয়ামাল। ডিফেন্ডারকে কাছে এগিয়ে আসতে দেখে দুই পা ও বাম হাঁটুর সাহায‍্যে বল নিয়ন্ত্রণে নিয়ে পোস্টের দিকে এগোতো থাকেন তিনি। এরপর সুযোগ বুঝে কাটব‍্যাকে খুঁজে নেন গর্ডনকে। ইংলিশ উইঙ্গার সারেন বাকিটা।

ম‍্যাচ শেষে সিবিএসের সঙ্গে আলাপচারিতায় ইয়ামালের কাছে ওই অ্যাসিস্ট নিয়ে জানতে চান থিয়েরি অঁরি। যার ব‍্যাখ‍্যা দেন স্প্যানিশ উইঙ্গার।

“এই ড্রিবল সম্পর্কে আমি কী বলতে পারি? আমি জানি। এটাকে আমি বলতে পারি ‘প্রায় রাবোনা।’ গুরুত্বপূর্ণ ব‍্যাপার হচ্ছে এটা ভালোভাবে কাজে লেগেছে, গর্ডনের গোলে অ‍্যাসিস্ট হয়েছে। এটা ছিল কার্যকর।

“ইদানিং আমি দেখছিলাম, আমি বাইলাইনে গেলে প্রতিপক্ষের ডিফেন্ডাররা প্রায়ই ডাইভ দেয়। এতে আমি সুযোগ পাই এবং ভাবি যে, আমি এই সুবিধাটা কাজে লাগাতে পারব। এটা ছিল চমৎকার একটা মুভ এবং এটা আমার জন‍্য ভালোভাবে কাজ করেছে, তাই আমি খুব খুশি।”

বল নিয়ে কারিকুরি করার সময় ভান করা নতুন কিছু নয় ইয়ামালের জন‍্য। সামনের দিনগুলোতেও এই কৌশল কাজে লাগাতে চান বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

“আমি সবসময়ই জায়গা তৈরি করার জন‍্য ভান করি। আপনি ভালো করেই জানেন, ডিফেন্ডাররা খুব কাছে এগিয়ে এসে আটকে দেওয়ার চেষ্টা করে। যে ভান জায়গা তৈরি করে দেয়, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ।”

চ‍্যাম্পিয়ন্স লিগের চলতি আসতে প্রথম দুই ম‍্যাচে ইয়ামালের অ্যাসিস্ট হলো চারটি।