১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেভারকুজেনের মাঠে কোনোমতে হার এড়াল আর্সেনাল

পুরো ম্যাচে কখনোই ছন্দে দেখা যায়নি মিকেল আর্তেতার দলকে।

লেভারকুজেনের মাঠে কোনোমতে হার এড়াল আর্সেনাল
বদলি নেমে দলকে বাঁচান কাই হাভার্টজ (মাঝে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 04:30 AM

Updated : 26 Aug 2026, 03:08 PM

প্রাথমিক পর্বের দাপুটে রূপ নকআউটের শুরুতেই যেন হারিয়ে ফেলল আর্সেনাল। বায়ার লেভারকুজেনের বিপক্ষে পুরোটা সময় ছন্দ খুঁজে ফিরল তারা। তবে, হারের প্রবল চোখ রাঙানি এড়িয়ে শেষের গোলে অন্তত ড্র করতে পারল প্রিমিয়ার লিগের দলটি।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বুধবার খুব কষ্টে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে হোবার্ত আনড্রিসের গোলে পিছিয়ে পড়ার পর, কাই হাভার্টজের পেনাল্টি গোলে সমতায় মাঠ ছাড়ে সফরকারীরা।

ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও, আক্রমণে তেমন কিছু করতে পারছিল না আর্সেনাল। প্রথম ২০ মিনিটে একটি শটও তারা লক্ষ্যে রাখতে পারেনি।

ম্যাচের সেরা সুযোগটি অবশ্য আর্সেনাল পায় এর মাঝেই। ১৯তম মিনিটে ভাগ্য সহায় হলে গোল পেতে পারতো তারা; কিন্তু গাব্রিয়েল মার্তিনেল্লির শট ক্রসবার কাঁপায়।

প্রথমার্ধের লড়াই তেমন রোমাঞ্চ ছড়ায়নি। গোলের জন্য লেভারকুজেন তুলনামূলক বেশি শট নিলেও, তারাও প্রতিপক্ষকে খুব একটা ভাবাতে পারেনি।

বিরতির পর পুনরায় খেলা শুরুর প্রথম মিনিটেই প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা দলকে স্তব্ধ করে দেয় লেভারকুজেন। সতীর্থের কর্নারে বল দূরের পোস্টে ফাঁকায় পেয়ে হেডে জালে পাঠান জার্মান ডিফেন্সিভ মিডফিল্ডার আনড্রিস।

একমাত্র দল হিসেবে এবার প্রাথমিক পর্বে আট ম্যাচের সবগুলো জয়ী আর্সেনালের নবম ম্যাচে এসে প্রথমে পিছিয়ে পড়ার অভিজ্ঞতা হলো। ওই আট ম্যাচের পাঁচটিই তারা জিতেছিল জাল অক্ষত রেখে।

গোল হজম করে যেন আরও খেই হারিয়ে ফেলে আর্সেনাল। প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো পরীক্ষাই নিতে পারছিল না তারা। 

তবে নির্ধারিত সময়ের মিনিট খানেক বাকি খাকতে জার্মান ফুটবলার হাভার্টজের সফল স্পট কিকে পরাজয় এড়ায় আর্সেনাল। ডি-বক্সে ননি মাদুয়েকে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টিটি পায় তারা।

কোয়ার্টার-ফাইনালে ওঠার লক্ষ্যে ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে আর্সেনাল, আগামী মঙ্গলবার।

আরও পড়ুন

অসাধারণ ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রেয়াল মাদ্রিদ

৭ গোলের লড়াইয়ে চেলসিকে হারিয়ে এগিয়ে রইল পিএসজি