২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বকাপ অভিশাপে’ আবার স্বপ্নভঙ্গ, কাঁদছে ইতালি

তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় ফুটবল-পাগল দেশটির মানুষের দুঃস্বপ্ন দীর্ঘ হয়েছে আরও।

‘বিশ্বকাপ অভিশাপে’ আবার স্বপ্নভঙ্গ, কাঁদছে ইতালি
দীর্ঘ হলো ইতালির দুঃস্বপ্ন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 05:06 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ইতালির জন্য বুধবারের সকালটা যেন মোহভঙ্গের আবহে মোড়া। কেউ ক্ষুব্ধ, কেউ বা বিষন্ন, আবার অনেকে হয়তো মুহূর্তের জন্য ঠিক বুঝেই উঠতে পারছেন না, কী হয়ে গেছে আগের রাতে! বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় ফুটবল-পাগল দেশটির মানুষের দুঃস্বপ্ন দীর্ঘ হয়েছে আরও।

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে টাইব্রেকারে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেয় বসনিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা ছিল।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও বাছাইয়ে থেমেছিল ইতালিয়ানদের যাত্রা। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আরও একবার গুঁড়িয়ে যাওয়ার পর, দেশটির মানুষের মনে কি ‘অভিশাপের’ অজানা এক শঙ্কা বাসা বেঁধেছে?

ইতালির প্রথম সারির সংবাদপত্র ‘করিয়েরে দেল্লা সেরা’ যেন দেশটির মানুষের মনের গোপন শঙ্কাটাই ফুটিয়ে তুলেছে। পত্রিকাটি প্রচ্ছদে লিখেছে, ‘বিশ্বকাপ অভিশাপ।’

সত্যিই যেন তাই! বিশ্বকাপে নিজেদের চার শিরোপার সবশেষটি ইতালি জিতেছে ২০০৬ আসলে। পরের দুই আসর মিলিয়ে মাত্র একটি ম্যাচ জিততে পারে দলটি, ওই দুবারই তারা ছিটকে পড়ে গ্রুপ পর্ব থেকে। আর তারপর তো, বাছাই পেরোতেই পারছে না তারা।

দেশটির প্রধান দুই ক্রীড়া পত্রিকা ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’ ও ‘করিয়েরে দেল্লা সেরা’ আবারও বিশ্বকাপের টিকেট না পাওয়ার প্রসঙ্গে লিখেছে, ‘আমরা সবাই বাড়িতেই থাকছি।’

২০১৮ বিশ্বকাপে বাছাইয়ের প্লে-অফে সুইডেনের বিপক্ষে হেরেছিল ইতালি। পরেরবার প্লে-অফেই তাদের স্বপ্ন ভাঙে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হেরে। আবার সেই একই মঞ্চে একই ফল, হতবাক রোমের মানুষ।

শহরের এক পানশালায় বসে ম্যচটি দেখা দাভিদে কালদারেত্তা মনের কষ্টের কথা বললেন।

“ম্যাচের শুরু থেকেই সবকিছু খারাপ পথে এগিয়েছে। দল ভালো ছিল না, ছন্দহীনতার মধ্যেই খেলোয়াড়রা দলে আসে এবং মাঠে নামে…এর কোনো মানে নেই। সত্যি বলতে, আমি হতবাক।”

‘আজ্জুরি’ নামে পরিচিত এই দল সবশেষ বিশ্বকাপে খেলেছিল ২০১৪ সালে, কাকতালীয়ভাবে ওই আসরেই প্রথম ও শেষবার খেলে বসনিয়া। 

আগামী জুন-জুলাইয়ের আসরে বলকান দলটি খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ কানাডা, কাতার ও সুইজারল্যান্ড। 

করিয়েরে দেল্লা সেরার প্রতিবেদনে দেশের ফুটবলকে স্বরূপে ফেরাতে এর ফুটবল কাঠামোকে নতুন করে সাজানোর তাগিদ দেওয়া হয়েছে। ইতালির আরেক ফুটবল সমর্থক এদোয়ার্দোও সমস্যাটা একই জায়গায় দেখছেন।

“যুব কাঠামোতেই হয়তো কোনো সমস্যা আছে, নয়তো এমনটা হতে পারে না।”