১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিটির জার্সিতে মাঠে নামতে প্রস্তুত ফের্নান্দেস

নতুন কোচের হাত ধরে দলটির নতুন যাত্রায় নেতৃত্বেও এসেছে বদল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 08:44 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

গ্রীষ্মের দলবদলের শেষ দিনে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পাঁচ দিনের মধ্যে মাঠে নামতে যাচ্ছেন এন্সো ফের্নান্দেস। কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচের আগের দিন কোচ এন্টসো মারেস্কা জানালেন, নতুন পরিচয়ে ম্যাচ খেলতে প্রস্তুত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার।

প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে কভেন্ট্রির বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

গত মঙ্গলবার এবারের ট্রান্সফার উইন্ডোর একদম শেষ সময়ে বিশাল অঙ্কের ট্রান্সফার ফিতে চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ফের্নান্দেস। গণমাধ্যমের খবর, এজন্য দলটির খরচ হয়েছে সাড়ে ১২ কোটি পাউন্ড, যা ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড।

এর আগে চেলসিতে মারেস্কার কোচিংয়ে খেলেছেন ফের্নান্দেস। সেখানে একসঙ্গে তারা ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ জয় উপভোগ করেছেন। চেলসি শিবিরে দুই জনের একত্রে কাজ করার সময়টা খুব দীর্ঘ না হলেও, ফের্নান্দেসের সামর্থ্য সম্পর্কে ভালোই জানা আছে এই ইতালিয়ান কোচের। 

ম‍্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনেও ফের্নান্দেসের উচ্ছ্বসিত প্রশংসা করলেন মারেস্কা। 

“এন্সো খেলতে প্রস্তুত, হ্যাঁ। আমি এন্সোর সম্পর্কে খুব ভালো করে জানি এবং আমি জানি, সে দলে কী যোগ করতে পারবে। সে একজন বিজয়ী, জয়ী মানসিকতার মানুষ এবং সে জানে, কীভাবে জিততে হয়। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ (জিতেছে)… মূল কথা হলো, সে একজন বিজয়ী।

“যখন আপনি এমন কোনো স্কোয়াডের (যারা আগে থেকেই বিজয়ী) অংশ, এবং সেখানে আরেকজন বিজয়ী আসে, সেক্ষেত্রে সেই দলের সবাই সবসময় খুশি থাকে। আমি একটা বিষয় নিশ্চিত করে বলতে চাই, গত পাঁচ দিনে চার-পাঁচ জন খেলোয়াড় আমাকে জিজ্ঞেস করেছে, সে কি আসছে, নাকি না? আমাদের সঙ্গে তার যোগ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।” 

ম্যানচেস্টার সিটির গত কয়েক বছরের অনেক সাফল্যে মুখ্য ভূমিকা রাখা এবং মাঝমাঠের নায়কদের একজন বের্নার্দো সিলভা এবারের গ্রীষ্মে রেয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন, গত মৌসুমে যিনি সিটির অধিনায়ক ছিলেন।

সিটিতে ১০ বছরের সফল অধ্যায় শেষে বিদায় নিয়েছেন পেপ গুয়ার্দিওলাও। নতুন কোচ মারেস্কা নতুন যাত্রার শুরুতে তার অধিনায়কদের বেছে নিয়েছেন, যে দায়িত্ব পেয়েছেন গত কয়েক মৌসুমে দলটির সর্বোচ্চ গোলদাতা আর্লিং হলান্ডও। বাকি তিন অধিনায়ক হলেন হুবেন দিয়াস, মার্ক গেয়ি ও জানলুইজি দোন্নারুম্মা।

প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শুরুটা দারুণ করেছে ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচ খেলে দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

দুই রাউন্ড শেষে যদিও তাদের সমান ৬ করে পয়েন্ট পেয়েছে আর্সেনাল, হাল সিটি ও চেলসিও।