২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনাল ম্যাচে দেম্বেলেকে পাচ্ছে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে ফরাসি ফরোয়ার্ডকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ লুইস এনরিকে।

আর্সেনাল ম্যাচে দেম্বেলেকে পাচ্ছে পিএসজি
উসমান দেম্বেলে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 08:13 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগের আগে পিএসজি সমর্থকদের সুসংবাদ দিয়েছেন লুইস এনরিকে। আর্সেনালের বিপক্ষে দলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় উসমান দেম্বেলেকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন ফরাসি চ্যাম্পিয়নদের কোচ।

ইউরোপ সেরার প্রতিযোগিতার ফাইনালে ওঠার লড়াইয়ে ঘরের মাঠে বুধবার ইংলিশ ক্লাবটির মুখোমুখি হবে পিএসজি। বাংলাদেশ সময় রাত একটায় শুরু মাঠের লড়াই।

গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগের দিন সংবাদ সম্মেলনে দেম্বেলের বর্তমান অবস্থা তুলে ধরেন এনরিকে।

“দুই দিন ধরে সে দলের সঙ্গে অনুশীলন করছে। তাই আগামীকাল (বুধবার) তাকে পাওয়া যাবে।”

শেষ চারের প্রথম লেগে গত সপ্তাহে আর্সেনালের মাঠে ১-০ গোলে জয় পায় পিএসজি। ওই গোলটি করেন দেম্বেলে।

ওই ম্যাচের পুরোটা খেলতে পারেননি তিনি। ৭০তম মিনিটে মাঠ ছেড়ে সরাসরি টানেলে চলে যান ফরাসি ফরোয়ার্ড। পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন দেম্বেলে। তাতে ঘরের মাঠে ফিরতি লেগে তার খেলা নিয়ে জাগে শঙ্কা।

দলের সঙ্গে সোমবার অনুশীলন শুরু করলে, তাকে নিয়ে জমাট বাধা শঙ্কার মেঘ কিছুটা সরে যায়। এবার সেটা পুরোপুরি দূর করে দিলেন এনরিকে।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৩৩ গোল ও ১২টি অ্যাসিস্ট করেছেন ২৭ বছর বয়সী তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার খোঁজে আছে পিএসজি। দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার জন্য লড়ছে তারা। ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল দলটির।