Published : 11 Aug 2023, 07:34 PM
থিবো কোর্তোয়ার অভাব পূরণ করার মতো গোলরক্ষক পুরো বিশ্বেই আছে খুব কম। চাইলেই যে তাদের পাওয়া যাবে এমন নয়। চোটের ছোবলে কোর্তোয়া লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় বিকল্প খুঁজতেই হচ্ছে কার্লো আনচেলত্তির। আপাতত রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ এই ইতালি কোচের বাজি আন্দ্রি লুনিন।
রেয়ালের অনুশীলনে গত বৃহস্পতিবার বাম হাঁটুতে চোট পান কোর্তোয়া। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করানো হবে অভিজ্ঞ গোলরক্ষকের। গণমাধ্যমের খবর, পুরো মৌসুমেই মাঠের বাইরে থাকতে পারেন তিনি।
এই মৌসুমে রেয়ালের প্রথম ম্যাচ আগামী শনিবার, লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। এই ম্যাচে স্পেনের সফলতম ক্লাবটির গোলপোস্ট সামলাবেন দ্বিতীয় পছন্দের গোলরক্ষক লুনিন, নিশ্চিত করেছেন আনচেলত্তি।
রেয়ালের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে স্রেফ ১৭টি ম্যাচ খেলেছেন লুনিন। আর সবশেষ মৌসুমে খেলেছেন ১২টি ম্যাচ।
বিলবাওয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাবেক চেলসি কোচ বলেছেন, কোর্তোয়ার চোট তাদের জন্য বড় ধাক্কা হলেও দায়িত্ব সামলাতে প্রস্তুত ২৪ বছর বয়সী লুনিন।
“মানসিকভাবে গতকাল দিনটি আমাদের জন্য ভালো ছিল না। কিন্তু ফুটবলে এমনটাই হয়। এখন উচিত (থিবো) কোর্তোয়াকে শুভকামনা জানানো, যেন সে শিগগিরই সুস্থ হতে পারে এবং দুর্দান্ত একজন গোলরক্ষক লুনিনের ওপর পুরোপুরি আস্থা রাখা। ওর হয়তো অভিজ্ঞতার একটু ঘাটতি আছে, তবে সেটা সে কাটিয়ে উঠবে।”
“এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের অনেক লম্বা স্কোয়াড আছে। কোর্তোয়া চোট পাওয়ার পর আমি প্রথমেই ভেবেছিলাম যে শনিবার লুনিন খেলতে যাচ্ছে।”
কোর্তোয়ার চোটের পর থেকেই গগণমাধ্যমে আসছে একের পর এক গোলরক্ষকের রেয়ালে যোগ দেওয়ার সম্ভাবনার খবর। সেখানে রয়েছে এখন 'ফ্রি এজেন্ট' হিসেবে থাকা দাভিদ দে হেয়াসহ আরও কয়েকজনের নাম।
নতুন গোলরক্ষক দলে টানার সম্ভাবনা উড়িয়ে দেননি আনচেলত্তিও।
“আমি লুনিনের ওপর ভরসা রাখছি। আমাদের ভাবতে হবে আমরা একজন গোলরক্ষক চাই কিনা এবং আমাদের হাতে ৩১ অগাস্ট পর্যন্ত সময় আছে। আমরা যদি (নতুন) একজন গোলরক্ষকের কথা ভাবতে যাই, তাহলে তা স্রেফ স্কোয়াড শক্তিশালী করার জন্যই হবে, কারণ মৌসুমটা অনেক লম্বা।”