২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ স্কোয়াডে ফোডেনের জায়গা নিশ্চিত নয়

সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডারের পারফরম্যান্স যে একদমই মনে ধরেনি, স্পষ্ট করেই বললেন ইংল্যান্ড কোচ।

বিশ্বকাপ স্কোয়াডে ফোডেনের জায়গা নিশ্চিত নয়
ইংল্যান্ডের সবশেষ দুই ম্যাচে কোচের প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি ফিল ফোডেন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 04:20 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

কত দ্রুতই না পরিস্থিতি পাল্টে যায়, সুসময় বদলে রূপ নেয় দুঃসময়ে। ফিল ফোডেনের ক্যারিয়ারের চিত্র এখন যেন ঠিক এমনই। ম্যানচেস্টার সিটির শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়া এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের বিশ্বকাপ দলেও জায়গা নিশ্চিত নয়, জানিয়ে দিলেন ইংল্যান্ডের প্রধান কোচ টুমাস টুখেল।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ খেলেছেন ফোডেন। গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে সময় বদলে গেছে। গত মাসের শেষ সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের দুটি প্রীতি ম্যাচেও খেলেন ফোডেন, কিন্তু পারফরম্যান্সে ছিলেন একেবারেই সাদামাটা।

সিটির জার্সিতেও সময়টা ভীষণ খারাপ যাচ্ছে ২৫ বছর বয়সী তারকা। ক্লাবের সবশেষ ১৫ ম্যাচের মাত্র চারটিতে শুরুর একাদশে সুযোগ পান তিনি। প্রিমিয়ার লিগে সবশেষ গোলের দেখা পান গত ১৪ ডিসেম্বর।

গত বুধবার ওয়েম্বলি স্টেডিয়ামে জাপানের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে বিবর্ণ ফোডেনকে প্রথম ঘণ্টার মাথায় তুলে নেন কোচ। পরে তার বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা নিয়ে জার্মান কোচ বলেন, “এটা নিশ্চিত নয় যে, সে বিশ্বকাপ দলে থাকবে।”

“অবশ্যই, সাম্প্রতিক সময়ে সিটির হয়ে খুব বেশি সময় খেলার সুযোগ পায়নি সে। তবে, হাসিমুখেই সে (জাতীয় দলের) ক্যাম্পে আসে এবং অনুশীলনে খুব ভালো করে।”

“আমি ভেবেছিলাম সে আমাদের সবাইকে অবাক করে দেবে এবং একইরকম প্রাণশক্তি ও রোমাঞ্চ নিয়ে খেলবে; কিন্তু মাঠে সে প্রভাব রাখতে ভুগেছে।”

চোটাক্রান্ত হ্যারি কেইনের অনুপস্থিতিতে ফোডেনকে ফলস নাইন হিসেবে খেলান কোচ। কিন্তু তার সে কৌশল একদমই কাজে লাগেনি। প্রত্যাশার কোনো প্রতিদানই দিতে পারেননি ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার।

“আক্রমণাত্মক খেলোয়াড়দের মাঠে নামালে আমরা তাদের থেকে আক্রমণ, সৃষ্টিশীলতা, ড্রিবলিং, গোলে শট এবং অ্যাসিস্ট দেখতে চাইব; কিন্তু আমরা তা দেখিনি।”

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় আগামী জুন-জুলাইয়ের বিশ্বকাপের জন্য মে মাসের শেষের আগে দল ঘোষণা করতে হবে।