২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ার্দিওলার প্রতি এখনই সহানুভূতি প্রকাশের কিছু দেখছেন না স্লট

দুঃসময়কে পেছনে ফেলে এখান থেকেও ম্যানচেস্টার সিটিকে শিরোপা লড়াইয়ে ফেরাতে পারেন পেপ গুয়ার্দিওলা, বললেন লিভারপুলের কোচ আর্না স্লট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 02:20 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নেওয়ার পর এতটা বাজে অবস্থায় কখনও পড়েননি পেপ গুয়ার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের দাপুটে কোচ এখন অনেকটাই অসহায়। তবে তার দুঃসময় দেখে আবেগে থরথর হওয়া বা তার প্রতি সমব্যথী হওয়ার সময় এখনও হয়নি বলেই মনে করেন আর্না স্লট। লিভাপুলের কোচের মতে, এই অবস্থা থেকেও ম্যানচেস্টার সিটিকে আবার শিরোপার লড়াইয়ে প্রবলভাবে ফেরাত পারেন গুয়ার্দিওলা।

ম্যানচেস্টার সিটি ও গুয়ার্দিওলার হতাশার আঁধার আরও ঘনীভূত হয়েছে রোববার। লিগের শিরোপা প্রত্যাশী দুই দলের লড়াইয়ে ২-০ গোলের জয়ে ব্যবধান আরও বাড়িয়েছে লিভারপুল।

একসময় যারা হারতে ভুলে গিয়েছিল, যাদের পয়েন্ট হারানোও অনেক সময় বড় খবরের জোগান দিত, সেই সিটি এখন সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জিততে পারল না। এর মধ্যে ছয়টি ম্যাচেই তাদের মাঠ ছাড়তে হয়েছে পরাজয়কে সঙ্গী করে।

সেই ২০০৮ সালের অগাস্টের পর প্রথমবার প্রিমিয়ার লিগে টানা চারটি ম্যাচ হেরেছে সিটি। গুয়ার্দিওলার গৌরবময় কোচিং ক্যারিয়ারে এতটা বাজে সময় আগে আসেনি কখনও।

তবে গুয়ার্দিওলাকে চেনেন বলেই তাকে আর সিটিকে এখনই লড়াইয়ের বাইরে ফেলে দিচ্ছেন না স্লট। বরং আগের উদাহরণ তুলে ধরে লিভারপুল কোচ মনে করিয়ে দিলেন, স্প্যানিশ এই কোচ আসলে কতটা স্পেশাল। 

“খুব বাজে অবস্থায় থাকা ম্যানেজারদের প্রতি সহানুভূতি-সহমর্মিতা সবারই থাকে। তারা সাধারণত টানা অনেক ম্যাচ হারে বা তাদের দল পয়েন্ট তালিকার তলানির দিকে থাকে। তবে পেপ গুয়ার্দিওলার ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন। পেপ এত কিছু জিতেছে তার ক্যারিয়ারে এবং এতবার দেখিয়েছে যে, কতভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব…।” 

“এজন্য নভেম্বর মাসেই লিগের ফয়সালা হয়ে যায় না। আমার মনে হয়, গত মৌসুমে ফেব্রুয়ারি মাসেও তারা আর্সেনালের চেয়ে আট পয়েন্ট পেছনে ছিল। সেখান থেকে জিতেছে ট্রফি। পেপ গুয়ার্দিওলার জন্য তাই দুঃখপ্রকাশ করার কিছু নেই। অন্য ম্যানেজারদের ক্ষেত্রে হতে পারে, তার ক্ষেত্রে নয়। পেপ অনেক ট্রফি জিতেছে এবং এবারও সিটিকে পথে ফেরাতে পারবে সে।”

সিটির ঠিক উল্টো অবস্থা লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ১১ জয় নিয়ে সিটির চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থেকে তারা আছে শীর্ষে। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচের সবকটি জিতে তারা সবার ওপরে আছে ৩৬ দলের মধ্যে। আগের ম্যাচেই তারা হারিয়েছে রেয়াল মাদ্রিদকে।

প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দুই দলকে টানা দুই ম্যাচে হারানোর সন্তুষ্টি স্লটের আছে। তবে মৌসুমের এই পর্যায়ে দুই-একটি ম্যাচ জিতেই উচ্ছ্বাসে ভেসে না যেতে দলকে সতর্ক করলেন লিভারপুল কোচ। 

“রেয়াল মাদ্রিদ, ম্যান সিটির মতো দলগুলি যারা খুবই ভালো এবং দারুণ ম্যানেজারের কোচিংয়ে তারা খেলছে, এত এত ট্রফি জিতেছে, তাদের বিপক্ষে জিততে পারা সবসময়ই দারুণ। তবে তারা এত ট্রফি জিতেছে কারণ, তারা স্রেফ দুই-এক ম্যাচ জেতেনি। ম্যাচের পর ম্যাচ জিতেই তারা এত শিরোপা জিতেছে। এই দুটি জয়ে আমরা খুশি। তবে আমরা আরও অনেক কিছু অর্জন করতে চাই।”

“বড় দলগুলির বিপক্ষে দু-একটি ম্যাচ জিতলেই মৌসুম শেষে ট্রফি জেতা যায় না। কালকে আর্সেনালের খেলা দেখেছি, আজকে চেলসিকে দেখলাম। এই দলগুলি টানা জয়ের সামর্থ্য রাখে। তাই একটি-দুটি জয় দিয়েই উচ্ছ্বাসে ভেসে যাওয়া চলবে না আমাদের। মৌসুমের শেষ পর্যন্ত ধারাবাহিকতা রাখতে হবে, ফুটবলারদের ফিট রাখতে হবে এবং এই প্রাণশক্তি ধরে রাখতে হবে।”