২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার জন্য আবেদন ইরানের খেলোয়াড়দের

দলটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, এখন তা ধীরে ধীরে সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার জন্য আবেদন ইরানের খেলোয়াড়দের
ইরান জাতীয় দল। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 06:16 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

বিশ্বকাপ খেলতে ইরান জাতীয় দল কিছুতেই মার্কিন মুলুকে যাবে না- এমন দাবি করা হলেও বৃহস্পতিবার দেশটির পুরো স্কোয়াড তুরস্কের রাজধানী আঙ্কারায় ভিসা অ্যাপয়েনমেন্টে উপস্থিত হয়। দলটির সবাই কানাডার ভিসার জন্য আবেদন করেছে এবং কয়েকজন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্যও কাগজপত্র জমা দিয়েছে। 

এতে অন্তত, ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যে বিশাল জটিলতা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। গ্রুপ পর্বে ইরানের সবগুলো ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। 

সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন নিউ জিল্যান্ড ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে ইরানের ম্যাচ দুটি হবে লস অ্যাঞ্জেলসে এবং এর পাঁচ দিন পর সিয়াটলে মিশরের মুখোমুখি হওয়ার কথা এশিয়ার দলটির।  

ইরানের খেলোয়াড়রা কানাডার ভিসার জন্য আবেদন করছে মূলত টুর্নামেন্টের পরের ধাপের চিন্তা করে। কারণ, নকআউট পর্বে উঠলে সেখানে তাদের ম্যাচ পড়তে পারে।

ইরান ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, স্কোয়াডের সবাই কানাডার ভিসার জন্য সাক্ষাৎ করেছেন এবং ইরান যুদ্ধের আগে যারা যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেননি, তারাও এটার জন্য আবেদন করেছেন। 

ওই কর্মকর্তা আরও জানান, ইরানের যেসব খেলোয়াড় অন্য দেশে অবস্থান করেন, তারাও আঙ্কারায় দলের সঙ্গে যোগ দেন এবং পরবর্তীতে আনতালিয়ার ট্রেনিং ক্যাম্পের উদ্দেশে রওনা দেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে বিমাল হামলা শুরু করে। পাল্টা জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে মার্কিন ঘাটিতে হামলা শুরু করে ইরানও। তাতে ইরানের ঘরোয়া ফুটবল লিগ স্থগিত হয়ে যায়।

ফলে দেশটির অনেক ফুটবলারের ম্যাচ ফিটনেসের ঘাটতি তৈরি হয়েছে। তাই বিশ্বকাপের প্রস্তুতির জন্য বর্তমানে তুরস্কে অনুশীলন ক্যাম্প করছে ইরান জাতীয় দল।

আগামী ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইরান। এরপরই ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে তারা।