স্প্যানিশ ফুটবল
Published : 23 Feb 2026, 09:01 AM
প্রতিপক্ষ বড় কোনো নাম নয়, অবনমন অঞ্চলের দল লেভান্তে। তবে আগের দুই ম্যাচের পরাজয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল বার্সেলোনা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের পর ফের্মিন লোপেস বললেন, লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথ পেয়েছে তারা।
কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠে ৪-০ গোলে ভরাডুবির পর, গত সোমবার লা লিগায় জিরোনার মাঠে ২-১ গোলে হারে বার্সেলোনা। সেই ধাক্কা সামলে রোববার স্থানীয় সময় বিকেলে ভালো পারফরম্যান্স উপহার দিয়েছে হান্সি ফ্লিকের দল, কাম্প নউয়ে তারা জিতেছে ৩-০ গোলে।
ম্যাচের শুরুতে মার্ক বের্নাল বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেংকি ডি ইয়ং। আর বদলি নামার কিছুক্ষণ পর, শেষ দিকে ব্যবধান আরও বাড়ান লোপেস।
ম্যাচের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় স্প্যানিশ মিডফিল্ডার লোপেস বলেন আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথা।
“(আগের দুই হারের পর) আমরা আত্ম-সমালোচনা করেছি। আজ আমরা দারুণ একটা ম্যাচ খেললাম এবং এগিয়ে যাওয়ার এটাই সঠিক পথ।”
দারুণ এই জয়ে আবার লিগ টেবিলে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। ২৫ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৬১।
সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে আগের দিন ওসাসুনার বিপক্ষে হেরে যাওয়া রেয়াল মাদ্রিদ।
পরের ম্যাচে লা লিগায় আগামী শনিবার ভিয়ারেয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা।