পোল্যান্ডের বিপক্ষেও এমবাপের খেলা নিশ্চিত নয়
তবে, তারকা এই ফরোয়ার্ডের অবস্থা আগের চেয়ে বেশ ভালো বলে জানিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙে যাওয়ার পর কিলিয়ান এমবাপে অনেকটাই সেরে উঠেছেন। তবে পোল্যান্ডের বিপক্ষে তিনি খেলবেন কি-না, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গত সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচের শেষ দিকে নাকে আঘাত পেয়ে মাঠ ছাড়েন এমবাপে। আগামী মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি দেশম। ফ্রান্সের একটি টেলিভিশন অনুষ্ঠানে রোববার বিশ্বকাপ জয়ী কোচ বলেন, আগের চেয়ে এই ফরোয়ার্ডের অবস্থা এখন বেশ ভালো।
“আপনারা দেখতে পাবেন (সে খেলবে নাকি খেলবে না), তবে সবকিছু সঠিক পথে এগোচ্ছে, সে আঘাত থেকে সেরে উঠছে, প্রতিদিন তার উন্নতি হচ্ছে এবং সে মাস্ক পরে খেলায় অভ্যস্ত হয়ে উঠবে। সে ভালো করছে।”
অস্ট্রিয়া ম্যাচের পর দলের সঙ্গে দুটি সেশনে মাস্ক পরে অনুশীলন করেন এমবাপে। ধারণা করা হচ্ছিল, নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে হয়তো দেখা যাবে তাকে। তবে গোলশূন্য ড্র হওয়া ম্যাচের পুরোটা বেঞ্চে বসেই কাটান সময়ের সেরা ফুটবলারদের একজন।
আক্রমণভাগে ফ্রান্সের কার্যকারিতার অভাব নিয়ে ফরাসি সংবাদমাধ্যমে চলছে আলোচনা। সবশেষ তিন ম্যাচে তারা একটি মাত্র গোল পেয়েছে, সেটিও প্রতিপক্ষের আত্মঘাতী।
শনিবার জার্মানির প্যাডারবন ক্লাব অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এক ঘন্টার প্রস্তুতি ম্যাচের পুরোটা সময় মাস্ক পরে খেলেন এমবাপে। দুটি করে গোল ও অ্যাসিস্টও করেন তিনি। রোববার সংবাদ সম্মেলনে তার সতীর্থ, মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি বললেন, ২৫ বছর বয়সী তারকা পরের ম্যাচে খেলতে আগ্রহী।
“আমার মনে হয়, সে পরের ম্যাচটি খেলতে চায়। সে হয়তো মাস্ক ছাড়াই খেলতে চাইবে, কিন্তু চিকিৎসকরা তাকে সেই সুযোগ দিতে চাইবে না।”
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রিয়া। এখনও পয়েন্ট না পাওয়া পোল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
