ইরানের ম্যাচ মেক্সিকোয় আয়োজনে ‘আগ্রহী নয়’ ফিফা
ফিফার এমন অবস্থানে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিশ্বকাপে খেলতে আসতে ইরানকে ‘একরকম মানা করেছে’, ইরানও সেখানে খেলতে যেতে রাজি নয় এবং মেক্সিকো এশিয়ান দেশটির ম্যাচ আয়োজনে আগ্রহী- এরপরও ভেন্যু সরিয়ে নিতে তেমন একটা আগ্রহ নেই ফিফার।
আসছে বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। কিন্তু মার্কিন ও ইসরায়েলী যৌথ হামলার পর বৈশ্বিক আসরে নিজেদের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানায় ইরান।
ফুটবল অঙ্গনে এই প্রসঙ্গে মঙ্গলবার দিনজুড়ে আলোচনার মাঝে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা এক বিবৃতিতে বিশ্বকাপের সব ম্যাচ ‘সূচি অনুযায়ী আয়াজনে’ আগ্রহের কথা জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা প্রাণ হারান। সেই থেকে প্রতিশোধ নিতে ইসরায়েলসহ আশেপাশে দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে পড়ছে। এর মাঝে খুব স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে আসে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়ার প্রসঙ্গ। কয়েকদিন আগে ট্রাম্প বলেন, বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাবে তারা। তবে ‘নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য’ তাদের যুক্তরাষ্ট্রে খেলা ঠিক হবে না।
যে দেশে খেলতে আসার কথা, সেই দেশের প্রেসিডেন্টের এমন ‘নিরাপত্তা হুমকির’ পর ইরান ফুটবলের পক্ষ খেকে ফিফার প্রতি অন্য দেশে তাদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়। আগামী ৪৮ দলের দলের বিশ্বকাপ যৌথভাবে হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।
ইরান ওই দাবি জানানোর পর তাদের সবগুলো ম্যাচ নিজেদের দেশে আয়োজনের আগ্রহ প্রকাশ করে মেক্সিকো। তবে ফিফার এক মুখপাত্র সূচিতে কোনোরকম পরিবর্তন আনতে অনাগ্রহের কথা জানিয়েছেন।
“বিশ্বকাপ পরিকল্পনায় আলোচনা চালিয়ে নিতে ইরানসহ সকল অংশগ্রহণকারী সদস্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে ফিফা। ২০২৫ সালের ৬ ডিসেম্বর প্রকাশিত সূচি অনুয়ায়ী সব দলের ম্যাচ আয়োজনের লক্ষ্যে আছে ফিফা।”
গত বছর এশিয়ান বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের গ্রুপে সেরা হয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করে ইরান।
আগামী ১১ জুন শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা। গ্রুপ পর্বে ইরানের দুটি ম্যাচ খেলার কথা লস অ্যাঞ্জেলসে, অন্যটি সিয়াটলে। ‘জি’ গ্রুপে এশিয়ার দেশটির সঙ্গী বেলজিয়াম, মিশর ও নিউ জিল্যান্ড।
এটা ঠিক যে, ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়া লজিস্টিকসের দিক থেকে টুর্নামেন্টের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। তবে ভূ-রাজনৈতিক কারণে ম্যাচের ভেন্যু সরিয়ে নেওয়া খুব অপ্রচলিত কিছু নয়।
ইউক্রেইনে প্রতিবেশী রাশিয়ার আগ্রাসনে সহায়তা করার দায়ে গত বছর উয়েফার নির্দেশে স্কটল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে খেলতে পারেনি বেলারুশ। হাঙ্গেরিতে খেলে ম্যাচটি ২-০ ব্যবধান হারে তারা।
ক্রীড়াঙ্গনের অন্যান্য ক্ষেত্রেও এমন দেখা গেছে পূর্বে।
ক্রিকেটে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে যেমন ভারত ও পাকিস্তান বহুজাতিক টুর্নামেন্টে নিজেদের মধ্যে ম্যাচ খেলে নিরপেক্ষ ভেন্যুতে।
গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানায় ভারত। পরে তারা নিজেদের সবগুলো ম্যাচ খেলে দুবাইয়ে।
