২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোনেকে মারাত্মক ফাউল করে পাঁচ ম‍্যাচ নিষিদ্ধ হলেন মাদিবো

ফিফার দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন কাতারের এই মিডফিল্ডার।

কোনেকে মারাত্মক ফাউল করে পাঁচ ম‍্যাচ নিষিদ্ধ হলেন মাদিবো
ক্রাচে ভর করে মাঠে এসেছেন কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 06:28 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

বিশ্বকাপ ম‍্যাচে মারাত্মক ফাউলের জন‍্য বড় শাস্তিই পেয়েছেন আসিম মাদিবো। কানাডার ইসমায়েল কোনের পা ভেঙে দিয়ে পাঁচ ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ হয়েছেন কাতারের এই মিডফিল্ডার।

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা বুধবার এক বিবৃতিতে মাদিবোর শাস্তির কথা জানায়। এই শাস্তির বিপক্ষে আপিল করার সুযোগ আছে তার। 

কানাডার বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে হারের ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ওই মারাত্মক ফাউল করেন মাদিবো। পেছন থেকে তার চ‍্যালেঞ্জে পড়ে যান কোনে এবং ভেঙে যায় পা। হাড় ভাঙার শব্দ ডাগআউট থেকে শোনার কথা পরে বলেন কানাডা কোচ জেসি মার্শ।

বিশ্বকাপ থেকে ছিটকে যান মিডফিল্ডার কোনে। সেদিনই করানো হয় অস্ত্রোপচার।

শুরুতে মাদিবোকে হলুদ কার্ড দেখান রেফারি। ভিএআরের পরামর্শে মনিটরে রিপ্লে দেখে পরে দেখান লাল কার্ড। পরে ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়ে কোনের কাছে ক্ষমা চান ২৯ বছর বয়সী মাদিবো। পরে কাতারের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে হাসপাতালেও যান তিনি। 

বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ৩-১ ব্যবধানে হারের পর মাদিবোকে লাল কার্ড দেখানোর সমালোচনা করেন কাতার কোচ হুলেন লোপেতেগি।

“বিশ্বাস করুন, ঘটনাটি আমি আবার দেখেছি। এটা লাল কার্ড ছিল না। কোনের সঙ্গে যা হয়েছে এটা দুর্ভাগ্য। এটা লাল কার্ড ছিল না। এ কারণেই রেফারি সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ড দেখায়।”