চ্যাম্পিয়ন্স লিগ
Published : 08 Apr 2026, 03:04 AM
ঘরোয়া ভিন্ন দুই প্রতিযোগিতায় সবশেষ দুই ম্যাচেই হার, এবার ইউরোপ সেরার মঞ্চেও নিজেদের সেরাটা মেলে ধরতে পারল না আর্সেনাল। তবে, শেষ মুহূর্তের গোলে কোনোমতে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে একটু এগিয়ে রইল মিকেল আর্তেতার দল।
লিসবনে মঙ্গলবার রাতে স্পোর্তিংয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে যোগ করা সময়ে গোলটি করেছেন কাই হাভার্টজ।
ম্যাচে প্রায় ৫৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। স্পোর্তিংয়ের ১১ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।
লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে হারের হতাশা নিয়ে সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যায় আর্সেনাল, এরপর মাঠে ফেরার ম্যাচে দ্বিতীয় স্তরের দল সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় তারা।
ঘরের মাঠে শুরুটা ভালো করে স্পোর্তিং। ষষ্ঠ মিনিটে এগিয়েও যেতে পারত তারা। নিজেদের অর্ধ থেকে সতীর্থের পাস পেয়ে অফসাইডের ফাঁদ এড়িয়ে এগিয়ে যান মাক্সিমিলিয়ানো আরাউহো। বক্সে ঢুকে তার জোরাল শট গোলরক্ষক দাভিদ রায়ার হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। দশম মিনিটে আরেকটি সেভ করেন এই রায়া।
প্রথমার্ধে উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি আর্সেনাল। এই অর্ধে তারা লক্ষ্যে একমাত্র শটটি রাখতে পারে ৪২তম মিনিটে, তবে গোলরক্ষক বরাবর শট করেন মার্টিন ওদেগোর।
৬৩তম মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার শটে বল জালে পাঠান আর্সেনালের মার্তিন সুবিমেন্দি, কিন্তু আক্রমণের শুরুতে ভিক্তর ইয়োকেরেশ অফসাইডে থাকায় গোল মেলেনি।
৮৭তম মিনিটে আরেকবার দলকে বাঁচান রায়া। এবার কাছ থেকে লুইস সুয়ারেসের প্রচেষ্টা ঠেকিয়ে দেন এই স্প্যানিশ গোলরক্ষক।
দুই মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে আর্সেনালকে গোল এনে দেন ৭০তম মিনিটে মাঠে নামা হাভার্টজ। গাব্রিয়েল মার্তিনেল্লির ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার।
আগামী বুধবার আর্সেনালের মাঠে হবে ফিরতি লেগ।